ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চূড়ান্ত তালিকায় ঢাকা সিটি কর্পোরেশনে (ডিসিসি) ভোটার সংখ্যা সোয়া ২ লাখ বেড়ে ৩৭ লাখ ৫৬ হাজার ৭৪ জনে দাঁড়িয়েছে।
হালনাগাদের পর বুধবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ঢাকা জেলা নির্বাচন কার্যালয়।
ঢাকা বিভাগীয় উপ নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হালনাগাদ তালিকায় ২ লাখ ৩০ হাজার ৬৮১ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন।
আগের তালিকায় ঢাকা নগরীর ভোটার সংখ্যা ছিলো ৩৫ লাখ ২৫ হাজারের কিছু বেশি।
এরপরও যারা বাদ পড়েছেন, তাদেরও ভোটার হওয়ার সুযোগ রয়েছে বলে জানান লুৎফর রহমান।
তিনি বলেন, বাদপড়ারা তালিকায় নাম উঠাতে চাইলে জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে যোগাযোগ করতে হবে।
চূড়ান্ত তালিকা ঢাকা জেলা নির্বাচন কার্যালয়, ডিসিসি'র সংশ্লিষ্ট থানা নির্বাচন কার্যালয়, ওয়ার্ড কাউন্সিল কার্যালয়, ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠান ও জনপরিচিতিসম্পন্ন স্থানে টানানো হচ্ছে বলে নির্বাচন কর্মকর্তারা জানান।
ভোটার তালিকা চূড়ান্ত করার পর ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রক্রিয়া শুরু করার কথা ইতিপূর্বে ইসি জানিয়েছিলো। তাদের পরিকল্পনা মার্চে নির্বাচন করার।
তবে ওয়ার্ড সীমানা নিয়ে গত সপ্তাহে হাইকোর্টে একটি রিট আবেদন হওয়ায় ওই সময়ে নির্বাচন করা নিয়ে সংশয়ে আছেন নির্বাচন কর্মকর্তারা।
প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা অবশ্য কয়েকদিন আগে সাংবাদিকদের বলেন, সীমানা নির্ধারণ একটি জটিল কাজ হওয়ায় আগে ভোট অনুষ্ঠানের যুক্তি তারা আদালতে তুলে ধরবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/এমআই/১৩৪০ ঘ.
bdnews24