চট্টগ্রাম, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের জলসীমায় যেকোনো আগ্রাসন মোকাবেলা করে জাতীয় সম্পদ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে বলেছেন প্রতিরক্ষা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভবিষ্যতে নৌবাহিনীতে সাবমেরিন সংযোজন করার বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, "বাংলাদেশের জলসীমায় বিদেশি ট্রলার ও নৌযানের অবৈধ বিচরণ বন্ধে নৌবাহিনীকে আরো সংগঠিত করা হবে।"
বুধবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি বলেন, "আধুনিক সমরাস্ত্র সংযোজনের পাশাপাশি অত্যাধুনিক প্রশিক্ষণের মাধ্যমে নৌবাহিনীর সদস্যদের আরো দক্ষ করে গড়ে তোলা হবে। এ বাহিনীকে একটি কার্যকর ও শক্তিশালী ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করা হবে।"
সকালে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমির মিডশিপম্যান ২০০৯ ব্যাচের গ্র্যাজুয়েশন প্যারেড এবং রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে নতুন কমিশনপ্রাপ্ত ক্যাডেট ও নৌবাহিনী কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা।
পরে প্রধানমন্ত্রী বাংলাদেশ নৌবাহিনীর নতুন অনুসন্ধানী জাহাজ 'বিএনএস অনুসন্ধান'-এর কমিশনিং অনুষ্ঠানে যোগ দেন।
কর্নফুলী নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশিপম্যান ২০০৯ ব্যাচের গ্র্যাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়।
এরপর তিনি একইস্থানে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে নৌবাহিনী সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
বাংলাদেশ নৌবাহিনীর দুজন মহিলাসহ ৩৪ জন মিডশিপম্যান ও প্যালেস্টাইনের চারজন মিডশিপশ্যান কমিশন লাভ করেন।
সোর্ড অফ অনার পান মিডশিপম্যান নাহিয়ান বাকের মিল্কি।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তা এবং কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের স্বজনরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/পিডি/১৭৩৩ ঘ.
bdnews24