২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলনের বিরুদ্ধে আরেকটি মামলা

কারাবন্দি বিএনপি নেতা আনম এহছানুল হক মিলনের বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 09:46 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

চাঁদপুর, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি বিএনপি নেতা আনম এহছানুল হক মিলনের বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে। মারধর, জিম্মি করা, লুটপাট ও হত্যা চেষ্টার অভিযোগ এনে মঙ্গলবার চাঁদপুরের কচুয়া থানায় মামলাটি দায়ের করেন কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জিএম মাসুদ। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে প্রধান আসামি করে এ মামলায় মোট আট জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় বলে কচুয়া থানার ওসি হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।। মামলায় অভিযোগ করা হয়, ২০০৩ সালের ৩ এপ্রিল মিলনের নির্দেশে অন্য আসামিরা কচুয়া উপজেলার রহিমানগর-সাতবাড়িয়া সড়কে মাসুদকে অবরুদ্ধ করে। পরে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে মারধর ও হত্যার চেষ্টা করা হয় এবং সাড়ে ২২ হাজার টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেওয়া হয় বলে বাদির অভিযোগ। ওসি বলেন, "মামলার দায়েরের পর আবুল কালাম আজাদ নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিলো। তবে মামলা থেকে বাদি তার নাম প্রত্যাহারের আবেদন করলে পরে তাকে ছেড়ে দেওয়া হয়।" মিলনের আইনজীবী এএনএম মাইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিলনের বিরুদ্ধে এ নিয়ে মোট ২১টি মামলা হয়েছে। এর মধ্যে ১৮টি মামলায় তিনি জামিনে রয়েছেন।" তিনি জানান, মিলন বর্তমানে কুমিল্লা কারাগারে রয়েছেন। কচুয়া উপজেলার সাচার এলাকার কলিম উল্লার দায়ের করা মামলায় গত ১৪ মার্চ মিলনকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। ওই মামলায় মিলন ও তার স্ত্রী নাজমুন নাহার বেবীসহ দলের ৩৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে ২০০৩ সালের ১৬ অক্টোবর কচুয়া উপজেলার সাচার বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীরের গাড়ি বহরে হামলার অভিযোগ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৫৪৫ ঘ.