মাদারীপুর, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় কর্মীর রগ কাটার 'প্রতিশোধ' নিতে মাদারীপুরে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়েছে আওয়ামী লীগের কর্মীরা।
রোববার ভোরের ওই হামলায় আহত সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামাল হাওলাদারকে (৩২) ঢাকায় পাঠানো হয়েছে।
গত ১৬ ডিসেম্বর মাদারীপুর শহরে আওয়ামী লীগকর্মী মোস্তফা শিকদারের রগ কেটে দেওয়া হয়। জামালের ইন্ধনে সহযোগী সংগঠন ছাত্রলীগের একদল কর্মী সে কাজ করেছে বলে আওয়ামী লীগ নেতাদের অভিযোগ।
এরই জের ধরে ভোরে হাজিরহাওলা এলাকার জামালকে কুপিয়ে আহত করা হয় বলে পুলিশ জানায়।
মাদারীপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জোবায়ের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামাল হাওলাদারকে পূর্ব শত্র"তার জের ধরে বেধড়ক কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। মাদারীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহবুব হাওলাদারের লোকজন এ কাজ করেছে বলে ছাত্রলীগের অভিযোগ।"
জামালের ওপর হামলার পর তার সমর্থকরা মাহবুবের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে বলেও জানান তিনি।
হাজিরহাওলা এলাকার আজিত হাওলাদারের ছেলে জামাল।
মাদারীপুর সদর থানার ওসি মো. কায়ুম আলী সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত জামালকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান তিনি।
ওসি আরো বলেন, মোস্তফা শিকদারের পায়ের রগ কেটে দেওয়ার ঘটনার জের ধরেই জামালকে কুপিয়ে আহত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১২৫১ ঘ.
bdnews24