২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীন সফর শেষে ব্যাংককে খালেদা

চারদিনের চীন সফর শেষে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বেইজিং থেকে বৃহস্পতিবার রাতে ব্যাংকক পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 04:39 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদিনের চীন সফর শেষে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বেইজিং থেকে বৃহস্পতিবার রাতে ব্যাংকক পৌঁছেছেন। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে সফরসঙ্গীদেরসহ তিনি ব্যাংকক আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের মিডিয়া সেলের কর্মকর্তা সাইরুল কবীর খান। ব্যাংককে যাত্রাবিরতির পর খালেদা শুক্রবার সকালে দেশের উদ্দেশে রওনা হবেন বলে জানান তিনি। এর আগে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদাকে বিদায় জানান চীনা কমিউনিস্ট পার্টির সিনিয়র নেতারা । চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি চেয়ারপারসন সেদেশ সফরে যান। গত রোববার বিকালে তিনি ব্যাংকক থেকে বেইজিং পৌঁছান। এর আগের দিন চীনের উদ্দেশে রওনা হন তিনি। এদিকে খালেদার দেশে ফেরার দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বাইরে তাকে অভ্যর্থনা জানাতে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ সম্পর্কে দলের দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা নেত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাবো। মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সকাল ১১টার মধ্যে বিমানবন্দর সড়কের দুই পাশে নির্ধারিত স্থানে সমবেত হতে বলা হয়েছে।'' চীন সফরকালে বিরোধী দলীয় নেতা বেইজিং এর গ্রেট হলে সেদেশের ভাইস প্রেসিডেন্ট জি জিংপিনের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া তিনি চীনের তিয়ানজিনে অত্যাধুনিক গভীর সমুদ্র বন্দর পরিদর্শন করেন। এসময় খালেদার সফরসঙ্গী ছিলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, একান্ত সচিব সালেহ আহমদ, সহকারি একান্ত সচিব শামসুর রহমান শিমুল বিশ্বাস ও আলোকচিত্রী নুরউদ্দিন আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৩৫ ঘ.