ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মগবাজারে গাড়ি পোড়ানো ও মানুষ হত্যার মামলায় হেফাজতে নিয়ে পাঁচদিন জিজ্ঞাসাবাদ শেষে যুদ্ধাপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে বুধবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের কোর্ট হাজতে রাখা হয়েছে।
কড়া নিরাপত্তায় দুপুর সোয়া ২টার দিকে তাকে আদালতে প্রাঙ্গণে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।
যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আটকের আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তিযুদ্ধে বিজয়ের বার্ষিকীতে গত ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোররাতে বনানীর একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যকে।
সংসদ সদস্য সালাউদ্দিন কাদের অভিযোগ করেছেন, গ্রেপ্তারের পর তার ওপর নির্যাতন চালানো হয়। বিএনপি মহাসচিব এ বিষয়টিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেন।
তার পরিপ্রেক্ষিতে বুধবার আদালতে হাজির হয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ফরেস্ট গ্রাহাম, নেদারল্যান্ডস দূতাবাসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যাডভাইজর সাইফুল হক ও মার্কিন দূতাবাসের সহকারী রাজনৈতিক বিশেষজ্ঞ লুবাইন চৌধুরী মাসুম।
বিএনপির ডাকা হরতালের একদিন আগে গত ২৬ জুন মগবাজার রেলক্রসিংয়ের কাছে একটি প্রাইভেটকারে আগুন ধরানো হয়। এতে আহত হন দুজন। অগ্নিদগ্ধ ফারুক হোসেন পরে হাসপাতালে মারা যান। এ ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক মো. শাহ আলম মামুন বাদি হয়ে করা মামলায় সালাউদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়।
বনানীর ওই বাড়ি থেকে সালাউদ্দিন কাদেরকে গ্রেপ্তারের পর প্রথমে ক্যান্টনমেন্ট থানায় এবং সেখান থেকে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান কার্যালয়ে নেওয়া হয়। সেখান ১৬ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে র্যাব ও পুলিশের প্রহরায় সাদা রঙের একটি মাইক্রোবাসে করে সালাউদ্দিনকে নেওয়া হয় পুরান ঢাকার আদালত পাড়ায়।
কাঠগড়ায় দাঁড়িয়ে সালাউদ্দিন নিজেও নির্যাতনের অভিযোগ জানান বিচারকের কাছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান বিএনপি নেতা সালাউদ্দিন কদেরকে ১০ দিন হেফাজতের আবেদন জানালেও ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম পাঁচ দিন হেফাজতের নির্দেশ দেন।
সালাউদ্দিনকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সে মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহসভাপতি শমসের মবিন চৌধুরীসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারাও আসামি।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠন করলে বহু প্রতীক্ষিত এই বিচারের প্রক্রিয়া শুরু হয়।
তবে মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিন তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে ট্রাইব্যুনালের ক্ষমতা ও গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে আসছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/১৪২৩ ঘ.
bdnews24