'যুদ্ধাপরাধের বিচারের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য নেই'
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, জাতীয় স্বার্থেই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, জাতীয় স্বার্থেই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
তিনি বলেন, তারা যে মানবতাবিরোধী অপরাধ করেছে তার বিচার হতেই হবে।
সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বিয়ানী বাজার শাখা আয়োজিত 'আলোকচিত্রে বাঙালির স্বাধীনতা সংগ্রাম' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
যুদ্ধাপরাধ বিচারের বিরোধিতাকারীদের দেশ-জাতির 'শত্র"' অভিহিত করে মুহিত বলেন, "বিগত চারদলীয় জোট সরকারের আমলে স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। তারা দেশব্যাপী মিথ্যার বেসাতি করেছিল। এখন তাদের মুখোশ উন্মোচনের সময় এসেছে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক তারানা হালিম বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী একদিন এসি ছাড়া থাকায় অসুস্থ হয়ে পড়েছেন। অথচ তিনি এবং তার বাবার নেতৃত্বে একাত্তরে হাজার হাজার মানুষকে বাস্তুভিটাহারা করা হয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "একটি ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী। এ ধরনের আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে নবীন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে।"
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জনতা ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর কুমকুম, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি শেখ সোহেল রানা টিপু এবং আলোকচিত্র প্রদর্শনীর সম্পাদক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বিয়ানীবাজার শাখার সভাপতি ছরওয়ার হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১১৬ ঘ.
