ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীন সফররত বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সোমবার সেদেশের ভাইস প্রেসিডেন্ট জি জিংপিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
স্থানীয় সময় বিকাল চারটায় চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে দুই নেতা বৈঠকে মিলিত হন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন খালেদার সফরসঙ্গী বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী।
তিনি বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
এ বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
গ্রেট হলে খালেদা এসে পৌঁছালে জি জিংপিনসহ কমিউনিস্ট পার্টির সিনিয়র নেতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এর আগে দুপুরে কমিউনিস্ট পার্টির সদরদপ্তরে পৌঁছালে বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানানো হয়। সেখানে তাকে কমিউনিস্ট পার্টির কার্যক্রম সম্পর্কে ব্রিফ করা হয়।
পরে সেখানে তার সম্মানে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করে চীনা কমিউনিস্ট পার্টি। সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা তার সম্মানে আয়োজিত পার্টির এক সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেন।
চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে খালেদার বৈঠককে 'ফলপ্রসূ' অভিহিত করে শমসের মবিন চৌধুরী বলেন, "বৈঠকে দুই দেশের দ্বি-পাক্ষিক সর্ম্পক এবং বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যকার সর্ম্পক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। চীন আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। সেজন্য এ দেশের সঙ্গে বিএনপির সম্পর্ক ভিন্নমাত্রিক।"
বৈঠকে দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় ভাইস প্রেসিডেন্ট জি জিংপিনকে সহযোগিতা করেন কমিউনিস্ট পার্টির সিনিয়র নেতারা।
রোববার বিকালে ব্যাংকক থেকে খালেদা জিয়া বেইজিং পৌঁছান।
শমসের মবিন আরো জানান, বিরোধী দলীয় নেতা ২৩ ডিসেম্বর বেইজিং থেকে ব্যাংকক হয়ে দেশে ফিরবেন।
চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে খালেদা জিয়া সেদেশ সফর করছেন।
বিরোধী দলীয় নেতার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান, একান্ত সচিব সালেহ আহমদ, সহকারি একান্ত সচিব শামসুর রহমান শিমুল বিশ্বাস ও আলোকচিত্রী নুরউদ্দিন আহমেদ।
বিএনপি চেয়ারপারসন রোববার বিকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বেইজিং পৌঁছান।
বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে বিরোধী দলের নেতাকে কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালক ইয়ান শিডংসহ পার্টির সিনিয়র নেতারা অভ্যর্থনা জানান।
শনিবার দুপুরে খালেদা চীনের উদ্দেশে রওনা হন। রাতে ব্যাংককে তিনি যাত্রাবিরতি করেন।
এটি খালেদার সপ্তম চীন সফর। সর্বশেষ ২০০৬ সালে তিনি প্রধানমন্ত্রী হিসেবে সেদেশ সফর করেন। বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি ১৯৯৮ সালে চীন গিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮৪৫ ঘ.
bdnews24