২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হরতাল চলছে

কোনো ধরনের গোলযোগ ছাড়াই চট্টগ্রামে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 04:59 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো ধরনের গোলযোগ ছাড়াই চট্টগ্রামে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য যুদ্ধাপরাধে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার দিনব্যাপী এ হরতাল ডাকা হয়। সকাল থেকে বন্দর নগরীর সড়কগুলোতে গাড়ি চলছে কম, তবে অনেক রিকশা রয়েছে। হরতালের সমর্থনে কোনো পিকেটিং গুরুত্বপূর্ণ সড়কে দেখা যায়নি। পুলিশ মোতায়েন রয়েছে বিভিন্ন স্থানে। নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ থাকলেও কোনো বিএনপি নেতাকে দেখা যায়নি। বিএনপির নেতাকর্মীরা মেহেদীবাগে দলের মহানগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাড়িতে জড়ো হচ্ছে। হরতালেও চট্টগ্রাম বন্দরে কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলও স্বাভাবিক রয়েছে। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে বলে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন। গোটা চট্টগ্রাম জেলায় হরতাল ডাকা হলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলছে। তবে দূরপাল্লার বাসগুলো চট্টগ্রাম ছেড়ে যায়নি। হরতালকে কেন্দ্র করে গত দুই দিনে চট্টগ্রামে ২০ জনের বেশি বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১০৪৫ ঘ.