ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবারো 'ব্যর্থতার' অভিযোগ তুলে সরকারকে পদত্যাগ করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
বুধবার সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ দাবি জানান।
সেইসঙ্গে তিনি আন্দোলনের মাধ্যমে সরকার উৎখাতের হুঁশিয়ারি দেন।
দেলোয়ার বলেন, ''দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে সরকার অন্যদেশের প্রতি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে। তা জনগণ মেনে নেবে না। সরকারকে বলছি, দেশ পরিচালনায় অযোগ্যতার জন্য পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচন দিন। আপনাদের সাহস থাকলে নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণ করুন।''
মহানগর নাট্যমঞ্চে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করা হয়। দলের সাতদিনের কেন্দ্রীয় কর্মসূচির এটি প্রথম।
বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে, বৃহস্পতিবার ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় সাভার স্মৃতিসৌধে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৮টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, বেলা আড়াইটায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য বিজয় র্যালি।
'আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল, মুক্তিযোদ্ধার দল' - স্থানীয় সরকারমন্ত্রী ও ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এ বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, মুক্তিযুদ্ধ কোনো দলের নেতৃত্বে হয়নি। এদেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ হয়েছে। জনগণ অংশ না নিলে মুক্তিযুদ্ধে বিজয়ও আসতো না।
গার্মেন্টস শিল্পে অগ্নিকাণ্ড প্রসঙ্গে দেলোয়ার বলেন, অন্যদেশের স্বার্থে এই শিল্পকে ধ্বংস করার চক্রান্ত চলছে। স্বাধীনতার পর এভাবে পাটের গুদামে আগুন লাগিয়ে পাট শিল্পকে ধ্বংস করা হয়েছিলো। ওই সময় কারা ব্যাংক লুট করেছিলো, তা দেশের মানুষের কাছে অজানা নয়।
বিএনপি মহাসচিবের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, অধ্যাপিকা সারোয়ারি রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, রফিকুল ইসলাম মিয়া, যুুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুক প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৩৫ ঘ.
bdnews24