২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যাচার করে আন্দোলন ঠেকানো যাবে না: দেলোয়ার

খালেদা জিয়া ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করে সরকারবিরোধী আন্দোলন ঠেকানো যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 10:34 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করে সরকারবিরোধী আন্দোলন ঠেকানো যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। রোববার রাজধানীর মুক্তাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, "নিজেদের ব্যর্থতায় সরকার এখন বেসামাল হয়ে পড়েছে। খালেদা জিয়া ও জিয়া পরিবারের বিরুদ্ধে নানা মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে। এভাবে মিথ্যাচার করে আন্দোলন ঠেকানো যাবে না।" জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে 'সংসদে খালেদা জিয়ার শহীদ মইনুল সড়কের বাড়ির আসবাবপত্র ও মালামালের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অশ্লীল, অসত্য, মিথ্যা বক্তব্য দেওয়ার' প্রতিবাদে ওই সমাবেশ হয়। গত বৃহস্পতিবার সপ্তম সংসদের সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার ছেড়ে আসা সেনানিবাসের বাড়ির বিলাসবহুল আসবাপত্র ও মালামালের বিবরণ তুলে ধরেন। বিএনপি মহাসচিব সংসদে বিরোধী দলীয় নেতা সম্পর্কে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, "বিরোধী দলকে সংসদকে রাখতে হলে আপনি (প্রধানমন্ত্রী) বৃহস্পতিবারের বক্তব্য প্রত্যাহার করে নিন। স্পিকারের প্রতি অনুরোধ- সংসদ নেতার বক্তব্যের আপত্তিকর অংশ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দিন।" তিনি দাবি করেন, মইনুল সড়কের ওই বাড়ি থেকে খালেদা জিয়াকে 'উচ্ছেদ' করার পর তার আসবাবপত্র ও মালামালের তালিকা প্রণয়ন গ্রহণযোগ্য নয়। দুর্নীতি নির্মূলে সরকারের ব্যর্থতার সমালোচনা করে দেলোয়ার বলেন, "দুর্নীতি নির্মূল তো দূরের কথা, তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে।" বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতীয় নেতা অভিহিত করে বিএনপি মহাসচিব বলেন, "আমরা এমন এক রাজনৈতিক সংস্কৃতির আবর্তে পড়ে গেছি- তা থেকে বেরিয়ে আসতে না পারলে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না। বিরোধী দল বিহীন সংসদে সরকারি দল যেভাবে কার্যক্রম চালাচ্ছে- তাতে জনমনে আশঙ্কা দেখা দিয়েছে- গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে।" সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুব দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক শরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৬২৯ ঘ.