২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংসদে আসুন, কথা বলার সুযোগ দেওয়া হবে'

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 01:58 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, লাগাতার সংসদ বর্জন মানবাধিকার নয়। সংসদে আসুন, কথা বলার সুযোগ দেওয়া হবে। সুযোগ না দিলে আমি নিজেই আপনাদের পক্ষে প্রতিবাদ করবো। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর মুক্তিভবনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত একথা বলেন। পার্বত্য শান্তিচুক্তি ও আদিবাসীদের ন্যায্য দাবি দাওয়া পূরণ করে মানবিক মূল্যবোধ সুপ্রতিষ্ঠিত করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুরঞ্জিত বলেন, "সংসদের ভাষা আর জনসভার ভাষা এক নয়। এ বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে।" তিনি আরো বলেন, "লাগাতার সংসদ বর্জন ও হরতালের ধ্বংসাত্মক কর্মকাণ্ড মানবাধিকার নয় বরং সাধারণ মানুষের অধিকার হরণ। "সরকারের দুই বছরে মানবাধিকার পরিস্থিতির অনেক উন্নত হয়েছে। এখন আগের মতো ক্রসফায়ার আর নেই। শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আত্মরক্ষার জন্য যা প্রয়োজন তাই করে।" তিনি বলেন, "মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার জন্য সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মানবাধিকার কমিশনকে আরো শক্তিশালী করা জরুরি।" শত্র" সম্পত্তি আইনকে একটি কালো আইন উল্লেখ করে তিনি বলেন, "এ আইন বাতিল করতে হবে।" সংগঠনের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন খান আলমগীর, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৯৪৭ ঘ.