২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা চীন সফরে যাচ্ছেন ১৮ ডিসেম্বর

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া আগামী ১৮ ডিসেম্বর ছয়দিনের সফরে চীন যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 01:29 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া আগামী ১৮ ডিসেম্বর ছয়দিনের সফরে চীন যাচ্ছেন। তার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আমন্ত্রণে আগামী ১৮ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন চীন সফরে যাচ্ছেন। সফরকালে তিনি সেখানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে থাকবেন।'' সফরকালে বিএনপি চেয়ারপারসন আগামী ১৯, ২০ ও ২১ ডিসেম্বর চীনের রাষ্ট্রীয় নেতবৃন্দ ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন বলে জানান প্রেস সচিব। তিনি আরো বলেন, এসব বৈঠকে বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্কের উন্নয়ন, দুই দেশ ও দক্ষিণ এশীয় অঞ্চলের জনগণের স্বার্থ ও আঞ্চলিক নিরাপত্তাসহ পরস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিএনপির নেতৃবৃন্দ ও চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তারা খালেদার সফরসঙ্গী হিসেবে থাকছেন। আগামী ২৩ ডিসেম্বর খালেদা দেশে ফিরবেন বলে জানান মারুফ কামাল খান। প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা হিসেবে অতীতে কয়েকবার খালেদা জিয়া চীন সফর করেন। সর্বশেষ ২০০৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে তিনি সেদেশ সফর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯২২ ঘ.