ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-পানি-গ্যাস সমস্যার সমাধান ও বিরোধী নেতা-কর্মীদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সারাদেশের জেলা প্রশাসকদের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।
সকালে ঢাকার জেলা প্রশাসক মহিবুল হকের কাছে স্মারকলিপি দেন জেলার বিএনপির সভাপতি আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
পুরান ঢাকায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার পর মান্নান সাংবাদিকদের বলেন, "সরকারের দমন নীতি ও মানুষের দুর্ভোগ কমানোর দাবিতে আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে এসেছি। এ সরকার সারাদেশে হত্যা-নির্যাতন ছাড়া কোনো কিছু করেনি।"
আমান বলেন, "সরকার গত ২২ মাসে মানুষের কোনো সমস্যার সমাধান দিতে পারেনি। নির্বাচনে জনগণের কাছে প্রতিশ্র"তি দিয়ে তাদের সঙ্গে তারা (আওয়ামী লীগ) প্রতারণা করেছে।"
বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর জেলার নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৬৪ জেলার প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিবি/এমআই/১৩২০ ঘ.
bdnews24