২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর নির্বাচন: ইসিতে অভিযোগ বিএনপির

পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন মহাজোট আইন লঙ্ঘন করে দলীয়ভাবে প্রার্থী দিতে চায় বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 07:46 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন মহাজোট আইন লঙ্ঘন করে দলীয়ভাবে প্রার্থী দিতে চায় বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে বিএনপি। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের এ নির্বাচনে দলীয় বা জোটগতভাবে অংশ নেবে না বলেও জানিয়েছে তারা। বিএনপির একটি প্রতিনিধি দল সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার সঙ্গে দেখা করে। বৈঠক থেকে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার সাংবাদিকদের বলেন, "পৌরসভা নির্বাচন নির্দলীয় নির্বাচন। এ নির্বাচনে জোটগত বা দলীয় প্রার্থী দেওয়া আইনপরিপন্থী। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে ইসির অবস্থান জানতে চেয়েছি আমরা।" আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শুক্রবার তার দলের এক বৈঠকের পর সাংবাদিকদের বলেন, পৌরসভা নির্বাচনে মহাজোট একক প্রার্থীকে সমর্থন দেবে। তিনি একইসঙ্গে বলেন, স্থানীয় নির্বাচনে রাজনৈতিক দল থেকে প্রার্থী মনোনয়নের সুযোগ সৃষ্টি করতে এ সংক্রান্ত আইন সংশোধন করা হবে। গত বৃহস্পতিবার দেশের ২৬৯ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। আগামী ১২-১৮ জানুয়ারির মধ্যে চারদিনে এ নির্বাচনের ভোটগ্রহণ হবে। বিএনপি নেতা আনোয়ার বলেন, "বিএনপি দলীয় বা জোটবদ্ধভাবে কোনো প্রার্থী দেবে না। এ বিষয়ে দলীয় ফোরামে কোনো সিদ্ধান্তও হয়নি।" পৌর নির্বাচনে ক্ষমতাসীন দল প্রভাব বিস্তার করবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এ জন্য সেনা মোতায়েনের প্রস্তাবও নির্বাচন কমিশনকে দিয়েছে বিএনপি। ইসিতে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ ও রুহুল কবীর রিজভী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৩৪০ ঘ.