২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলকে সংসদে আসার আহ্বান এরশাদের

গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বিরোধী দলকে সংসদে এসে জনগণের কথা বলার আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2010, 03:54 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

লক্ষ্মীপুর, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বিরোধী দলকে সংসদে এসে জনগণের কথা বলার আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ। শনিবার বিকালে লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে হলে সবাইকে পরমত সহিষ্ণু হতে হবে। প্রাদেশিক সরকার গঠনের মাধ্যমে দেশের শাসন ব্যবস্থা পরিবর্তন করা প্রয়োজন বলেও মন্তব্য করেন এরশাদ। উপজেলার মাধ্যমে প্রশাসনিক বিকেন্দ্রিক করে জাতীয় পার্টি দেশের সর্বত্র অবদান রেখেছে। তাই তিনি সরকারকে উপজেলা পরিষদ সক্রিয় করার পরামর্শ দেন। তিনি বলেন, "আগামী স্থানীয় সরকার নির্বাচনে মহাজোটের মাধ্যমে একক প্রার্থী দেওয়ার প্রধানমন্ত্রীর ঘোষনাকে আমরা স্বাগত জানাই।" এ সময় তিনি লক্ষ্মীপুর পৌর মেয়র পদের প্রার্থী মহাজোটের পক্ষে জাপাকে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। এরশাদ তৃণমুল পর্যায়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করার জন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পৌর নছির আহম্মদ ভূ্ইঁয়া মিলনায়তনে জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এম আর মাসুদের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন- দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ, জাতীয় মহিলাপার্টির কেন্দ্রীয় সভানেত্রী নুরে হাসানাত লিলি, মহিলা সম্পাদিকা নাজমা রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মিজানুর রহিম প্রমুখ। সভাপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় সম্মেলন শেষে মুনিরুজামান মুনিরকে জেলা সভাপতি ঘোষণা করেন এরশাদ। এছাড়া তিনি আগামী সাতদিনের মধ্যে সাধারণ সম্পাদকসহ অন্য পদগুলো পূরণের নির্দেশ দেন সংশ্লিষ্টদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৫ ঘ.