ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক মামলা প্রত্যাহারের নামে বর্তমান সরকার একরতফাভাবে নিজ দলের ৬ হাজার মামলা প্রত্যাহার করে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বিকালে রাজধানীতে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, "মামলা প্রত্যাহারের ক্ষেত্রে এ সরকার দ্বৈতনীতি অনুসরণ করছে। এ পর্যন্ত হত্যা-খুনসহ ৬ হাজার মামলা তারা তুলে নিয়েছে। অনেক খুনি এবং ফাঁসির আসামিকে ছেড়ে দিয়ে তাদের মামলাও প্রত্যাহার করে নিয়েছে।"
অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলাও প্রত্যাহার করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, উল্টো তাদের বিরুদ্ধে নতুন করে মামলা দেওয়া হয়েছে।
জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সমানে এই মানববন্ধন কর্মসূচি হয়। গত ৩০ নভেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি চলাকালে মহিলা দলের নেতা-কর্মীদের ওপর র্যাব-পুলিশের অসৌজন্যমূলক আচরন ও নির্যাতনের প্রতিবাদে এই মানবন্ধন কর্মসূচি পালন করে মহিলা দল।
মানববন্ধনে মির্জা ফখরুল বলেন, "বর্তমান সরকার দ্রব্যমূল্য কমানো, নারীদের মর্যাদা রক্ষাসহ যেসব প্রতিশ্র"তি নির্বাচনের আগে দিয়েছিলো, তার কোনোটিই রক্ষা করতে পারেনি। আজ নারীদের মর্যাদা পদে পদে লঙ্ঘিত হচ্ছে। তাদের ওপর নির্যাতন করা হচ্ছে। সরকার এক্ষেত্রে চরমভাবে ব্যর্থ হয়েছে।''
৩০ নভেম্বর হরতাল চলাকালে নারী নেতা ও নারী কর্মীদের সঙ্গে র্যাব ও পুলিশ যে আচরণ করেছে তার কঠোর সমালোচনা করে তিনি দোষী র্যাব-পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার বিরোধী আন্দোলন জোরদার করার ইঙ্গিত দিয়ে বলেন, "কোনো ক্ষেত্রেই সরকারের সাফল্য নেই। তারা দ্রব্যমূল্য কমাতে পারেনি। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে অন্য দেশের উপকারের জন্য ট্রানজিট দেওয়া হচ্ছে। তাই আন্দোলনের মাধ্যমেই এ সরকারকে রুখে দিতে হবে।''
এক ঘণ্টার এই মানববন্ধন কর্মসূচিতে বিএনপির সহসভাপতি সৈয়দা রাজিয়া ফয়েজ, মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, কেন্দ্রীয় নেতা রাবেয়া সিরাজ, মহানগর সভাপতি সুলতানা আহমেদসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৭৫২ ঘ.
bdnews24