২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূস যে 'দুর্নীতিবাজ' তা প্রমাণিত হলো: হানিফ

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ সরানোর অভিযোগ ওঠায় আওয়ামী লীগের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হলেও ক্ষমতাসীন দলেরই নেতা মাহবুব-উল আলম হানিফ বলেছেন, তিনি যে 'দুর্নীতিবাজ' তা আবারো প্রমাণিত হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2010, 10:59 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

সিলেট, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ সরানোর অভিযোগ ওঠায় আওয়ামী লীগের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হলেও ক্ষমতাসীন দলেরই নেতা মাহবুব-উল আলম হানিফ বলেছেন, তিনি যে 'দুর্নীতিবাজ' তা আবারো প্রমাণিত হলো। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ হাসিনার বিশেষ সহকারী হানিফ শনিবার সিলেটে সাংবাদিকদের এ কথা বলেন। মঙ্গলবার নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক প্রামাণ্যচিত্রে শান্তিতে নোবেলজয়ী ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের কোটি কোটি ডলার নিয়ম বহির্ভূতভাবে অন্য তহবিলে সরানোর অভিযোগ তোলেন এক ডেনিশ তথ্যচিত্র নির্মাতা। গ্রামীণ ব্যাংক অবশ্য ওই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। সিলেট রেজিষ্ট্রারি মাঠে জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হানিফ। সম্মেলনে বক্তৃতার পর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "বাংলাদেশকে বিশ্বের দরবারে অপমান করার কোনো অধিকার তার নেই। সরকার এ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।" অভিযোগের সত্যতা পাওয়া গেলে বাংলাদেশের একমাত্র নোবেলজয়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার পেছ পা হবে না বলে হানিফ জানান। একদিন আগেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "তিনি (ইউনূস) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি। তার দুর্নাম হলে, তা জাতির দুর্নাম বয়ে আনবে। তাই এ বিষয়ে আমরা খুবই উদ্বিগ্ন।" সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দল গড়ার ঘোষণা দিয়ে সমালোচনায় পড়েছিলেন। সমালোচকদের দলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছিলেন। আওয়ামী লীগ প্রধান হাসিনার তখনকার সমালোচনার কথা তুলে ধরে তার সহকারী হানিফ বলেন, "ড. ইউনূস যখন রাজনীতিতে আসার পাঁয়তারা করেছিলেন, তখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সুদখোর বলে আখ্যা দিয়েছিলেন।" শ্রমিক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হানিফ বলেন, "বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া একজন সম্পদলোভী মানুষ। শুধু সম্পদের লোভে বাড়ি ছাড়ার ইস্যু নিয়ে তিনি হরতাল করে জনগণকে কষ্ট দিয়েছেন।" শ্রমিক লীগ সিলেট জেলা শাখার সভাপতি এজাজুল হক এজাজের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র, সংসদ সদস্য জেবুন্নেচ্ছা হক, সিলেট জেলা আওয়ামীগের সভাপতি আনম শফিকুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৫ ঘ.