ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার বিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার রাতে সমমনা সাতটি দলের সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের এই বৈঠক বসে।
এতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের কর্মকৌশল নিয়ে আলোচনা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান।
বৈঠকে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, নিদর্লীয় জন আন্দোলন এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান, মুসলিম লীগের মহাসচিব আতিকুল ইসলাম, লেবার পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, মহাসচিব হামদ উল্লাহ আল মেহেদি, বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান ব্যারিস্টার জেবেল গনি, মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, ন্যাপ-ভাসানীর সভাপতি শেখ আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বৈঠকে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ছিলেন।
এর আগে বুধবার খালেদা চার দলীয় জোটের দুই শরিক জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিশের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
বিডিন্উিজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৫০ ঘ.
bdnews24