শেরপুর, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টি প্রতিনিধি) - শেরপুরে পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের সমাবেশ শেষে সরকারি দলের দু'পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এতে সদর উপজেলা চেয়ারম্যান ও সাংবাদিকসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিমন্ত্রী ও সাংবাদিকদের বহণকারী গাড়ি।
বুধবার দুপুরে সদর উপজেলার কামারের চর কলেজ মাঠে এই ঘটনা ঘটে।
প্রতিমন্ত্রী সকালে কামারের চর এলাকায় ব্রহ্মপুত্র নদের বেড়িবাঁধ পরিদর্শনে যান।
তার সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য আতিউর রহমান আতিক, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, সকাল ১১টার দিকে মাহবুবুর রহমান কামারের চর, ৬ নম্বর চরসহ চরাঞ্চলের বেশ কয়েকটি দূর্গম এলাকা পরিদর্শন করেন।
পরে কামারের চর কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন তিনি।
সমাবেশে প্রতিমন্ত্রী বর্তমান সরকারের আমলেই বাঁধটি সংস্কারের আশ্বাস দেন।
এরপর তিনি কলেজের কার্যালয় কক্ষে চা পান করতে গেলে সভাস্থলের পাশে সদর উপজেলা চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন স্থানীয় জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে শুরু করেন।
স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের কিছু কর্মী-সমর্থক ওই সমাবেশের উপর হামলা চালালে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান সমর্থকরা লাঠিসোটা নিয়ে প্রতিমন্ত্রীর গাড়িবহরসহ সবাইকে ঘেরাও করে ফেলে।
এ সময় জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান ও ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এক ঘন্টা পর কলেজ থেকে প্রতিমন্ত্রী শেরপুরের উদ্দেশ্যে রওনা হলে উত্তেজিত জনতা বিক্ষিপ্তভাবে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। ইটের আঘাতে তার গাড়ি ও সাংবাদিকদের বহণকারী গাড়ির পেছনের কাঁচ ভেঙ্গে যায়।
ধাওয়া পাল্টা ধাওয়ার সময় উপজেলা চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন, দৈনিক যুগান্তর পত্রিকা, এটিএন বাংলা ও এটিএন নিউজ এর শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদল, বিটিভির দেবাশীষ ভট্টাচার্য, বৈশাখীর টিভির বিপ্লব দেসহ কমপক্ষে ২৫ জন আহত হয়।
ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংসদ সদস্য আতিউর রহমান আতিক বলেন, ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ বাধাগ্রস্ত করতেই উপজেলা চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছেন।
অপরদিকে উপজেলা চেয়ারম্যান এ ঘটনার জন্য সংসদ সদস্য আতিউর রহমান আতিককে দায়ী করেছেন।
প্রতিমন্ত্রী তার গাড়ীতে ইট ছোড়ার বিষয়ে বলেন, "কে বা কারা ঢিল ছুড়েছে সেটা আপনারাই (সাংবাদিক) ভালো জানেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫০ ঘ.
bdnews24