নাটোর, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যা মামলায় আত্মসমর্পণের পর সাত আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
এর আগে এ মামলায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়। বিএনপি নেতা নূরের স্ত্রী মহুয়া নূরের করা মামলায় ২৭ জনের নাম উল্লেখসহ ৪৭ জনকে আসামি করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বড়াইগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাসানের আদালতে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন- মো. রেজাউল করিম ওরফে রিকন (২৫), হাসেম মৃধা (৩৪), গৌতম ঘোষ (২২), আব্দুল মালেক (২৮), হাবিব (২৪), বাবলু মোল্লা (২৪), ও বাবু (২৫)।
পুলিশ বলেছে, এরা সবাই যুবলীগকর্মী। মামালার এজাহারে এদের নাম রয়েছে। তাদের সবার বাড়ি বড়াইগ্রাম উপজেলার মহিষডাঙ্গা গ্রামে।
আসামি পক্ষের আইনজীবী মিজানুর রহমান ও আরিফ সরকার জামিনের আবেদনে জানান, আসামিরা নির্দোষ। তারা ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। রাজনৈতিক কারণে তাদের আসামি করা হয়েছে।
এ সময় রাষ্ট্রপক্ষে পুলিশের কোর্ট উপ-পরিদর্শক (সিএসআই) রুহুল আমিন আসামিদের জামিন আবেদনের বিরোধিতা করে বলেন, "এটি একটি স্পর্শকাতর মামলা। প্রকাশ্য দিবালোকে আসামিরা সবাই মিলে চেয়ারম্যান সানাউল্লাহ নূরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। আসামিদের জামিন দিলে এজাহারকারীর পক্ষে মামলাটি পরিচালনা করা কষ্টকর হয়ে পড়বে।"
গত ৮ অক্টোবর সকালে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নূর বাবুকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে সরকারি দলের নেতা-কর্মীরাই ওই হামলা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৪০ ঘ.
bdnews24