২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলগাজীতে হরতালের মিছিলে হামলা

ফেনীর ফুলগাজীতে বিএনপির মিছিলে হরতাল বিরোধীদের হামলায় সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 02:42 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ফেনী, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনীর ফুলগাজীতে বিএনপির মিছিলে হরতাল বিরোধীদের হামলায় সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় হরতালের সমর্থনে ফুলগাজী উপজেলা সদরে মিছিল বের করে বিএনপি। এ সময় হরতাল বিরোধী স্লোগান দিয়ে একদল যুবক লাঠিসোটা নিয়ে মিছিলকারীদের ওপর হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়। হামলায় আহতদের মধ্যে আছেন- ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক ফেনী সংবাদ পত্রিকার সংবাদদাতা কবির আহাম্মদ নাসির, স্থানীয় সংবাদকর্মী সলিমুল্লা সুমন, দরবারপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি টিপু, উপজেলা কমিটির সহ সভাপতি গোলাম সরোয়ার বাবু, ফুলগাজী কলেজ আহ্বায়ক পারভেজ, শরিফ। তারা ফেনীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হামলাকারীরা নাসিরের ক্যামেরা ছিনিয়ে নিয়ে পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ করেন তিনি। তিনি জানান, হামলায় তার বাঁ হাতের হাড় ভেঙে গেছে। উপজেলা বিএনপি সভাপতি শাহজাহান মজুমদার এ ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন। তবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মজুমদার এ অভিযোগ অস্বীকার করেন। ফুলগাজী থানার ওসি সাইদুল মোস্তফা জানান, কয়েকজন যুবকের মাঝে ঝগড়া হয়েছে বলে শুনেছেন তিনি। হামলা সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৭ ঘ.