২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৯ গাড়িতে আগুন

বিএনপি'র ডাকা হরতালের আগের দিন সোমবার রাজধানীতে সন্ধ্যার পর থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত নয়টি গাড়িতে আগুন দিয়েছে অজ্ঞাতনামারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 02:17 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র ডাকা হরতালের আগের দিন সোমবার রাজধানীতে সন্ধ্যার পর থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত নয়টি গাড়িতে আগুন দিয়েছে অজ্ঞাতনামারা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকা, উপাচার্যের বাসভবনের সামনে ও শাহবাগ মোড়ে সোমবার সন্ধ্যায় কমপক্ষে সাতটি হাতবোমারও বিস্ফোরণ ঘটানো হয়। রাজধানীর এলিফেন্ট রোডে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা একটি টেক্সিক্যাবে, বিমানবন্দর থানা এলাকার বনরুপা নামে এক স্থাপনার সামনে এবং মিরপুর ১০ নম্ব^র গোল চত্ত্বর এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে আজ্ঞাত সন্ত্রাসীরা। সিদ্বেশরী মনোয়ার ক্লিনিকের সামনে একটি প্রাইভেটকারে আগুন দেওয়া হয় বলে রমনার ওসি শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। এছাড়া রাত পৌনে ৮টার দিকে কাঁটাবন মোড়ে কে বা কারা একটি প্রাইভেটকারে আগুন লাগিয়ে দেয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশ পরিদর্শক (পেট্রল) শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ৯ টার দিকে নীলক্ষেত মোড়ে একটি গাড়িতে (হিউম্যান হলার) আগুন দেয় অজ্ঞাতনামারা। তেজগাঁও থানা এলাকার ফার্মগেটে একটি বাসে এবং গুলশান থানা এলাকার শুটিং ক্লাবের কাছে একটি মিনিবাসে রাত সাড়ে ৯টার দিকে আগুন দেয় অজ্ঞাতনামারা। এই আগুন দেওয়ার খবর নিশ্চিত করেন সংশ্লিষ্ট দুই থানার ওসি। রাত পৌনে ১০টার দিকে কয়েকজন অজ্ঞাত যুবক কল্যাণপুরে একটি বিআরটিসি বাসে আগুন দেয় বলে জানান প্রত্যক্ষদর্শী হানিফ পরিবহনের ম্যানেজার বলাই দাস। আগুনে অধিকাংশ গাড়ি পুরোপুরি ভস্মীভূত হয়। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। দ্রব্যমূল বৃদ্ধি, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ নানা ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। সন্ধ্যা ৬টায় টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটে চারটি, সোয়া ৬টায় উপাচার্য ভবনের সামনে একটি এবং শাহবাগ মোড়ে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। ফাঁকা জায়গায় বিস্ফোরণ ঘটায় এতে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে পুলিশ তা নিশ্চিত করতে পারেনি । শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, হাতবোমা নয়, পটকার বিস্ফোরণ ঘটেছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাতবোমা বিস্ফোরণ হলে আমরা এর আলামত পেতাম। অথবা কেউ হতাহত হতে পারতো।" এদিকে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মো. আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে টেক্সিক্যাবে আগুন দেওয়ার খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাটা সিগন্যালগামী একটি ট্যাক্সিক্যাব সায়েন্স ল্যাবরেটরীর প্রধান ফটকের কাছে পৌঁছলে কয়েকজন যুবক এসে গাড়ি থেকে চালককে নামিয়ে গাড়িতে আগুন দিয়ে চলে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এসআইএম/প্রতিনিধি/এইচএ/পিডি/২১৫১ ঘ.