২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার অব্যাহত, মিছিলে বাধা-লাঠিপেটা

বিএনপির ডাকা মঙ্গলবারের হরতালের আগে সারা দেশে দলটির নেতা-কর্মীদের ধরপাকড় অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 12:39 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা মঙ্গলবারের হরতালের আগে সারা দেশে দলটির নেতা-কর্মীদের ধরপাকড় অব্যাহত রয়েছে। 'জনগণের সমস্যা সমাধানের দাবিতে' সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। শুক্রবার রাত থেকে রাজধানীসহ বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার শুরু হয়। সোমবার দেশের বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে বিএনপির মিছিলে বাধা, পুলিশের লাঠিপেটা ও গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। আগেরদিন খুলনা, বরিশাল ও নাটোরসহ কয়েকটি স্থানে সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে দলটির। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন রোববার দাবি করেন, দলের এক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে আরো হরতাল দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিএনপি নেতারা। অন্যদিকে বিরোধী দলের অভিযোগ নাকচ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, উদ্দেশ্যমূলকভাবে বা অহেতুক কাউকে গ্রেপ্তার করা হয়নি। সুনির্দিষ্ট অভিযোগেই গ্রেপ্তার করা হচ্ছে। সারা দেশে গণগ্রেপ্তারের জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে দায়ী করেছেন তিনি। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ গণগ্রেপ্তারের অভিযোগ প্রত্যাখ্যান করেন। পুলিশের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধিদের পাঠানো খবর: হরতালের সমর্থনে পাবনা শহরে সোমবার বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত পাঁচজন আহত হয়েছে। সদরসহ জেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদের ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলে বিএনপি দাবি করেছে। মাগুরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোববার রাতে বিএনপির চার কর্মীকে আটক করেছে। হরতালে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে অভিযোগ এনে ৩৪ ধারায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। খুলনায় রোববারের সংঘর্ষে ঘটনায় করা মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় খুলনা জেলা বিএনপি হুমকি দিয়েছে, মঙ্গলবারের হরতালে কোনো প্রকার বাধা দিলে বুধবারও হরতাল পালন করা হবে। নোয়াখালীতে হরতালের সমর্থনে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। পুলিশ মিছিল থেকে ছাত্র ও যুবদলের পাঁচ জনকে আটক করে। এছাড়া রোববার রাতে নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের সাত কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়। কুড়িগ্রামের আটটি উপজেলা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল করেছে আওয়ামী লীগ ও বিএনপি। বরগুনায় জামায়াতের এক নেতাসহ গত দু'দিনে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জে রোববার রাতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। তাদেরকে গত ১৩ নভেম্বরের হরতালে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোববার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৩ নভেম্বরের হরতালে সহিংসতার মামলায় তাদের কারাগারে পাঠানো হয়। সিলেটে মহানগর বিএনপির সভাপতি এম এ হকসহ জেলা বিএনপির চার নেতাকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। শহরের রেজিস্ট্রারি মাঠে দুপুর সাড়ে ৩টার দিকে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করে। এসময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটা করে। মাদারীপুরে হরতালের সমর্থনে মাইকিং করার সময় পুলিশ একজনকে আটক করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হরতালের সমর্থনে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগ বাধা দেওয়ায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। নেত্রকোনায় দুজন, খাগড়াছড়িতে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া জয়পুরহাট ও ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মিছিলে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে, হরতালের পক্ষে-বিপক্ষে বগুড়া, সুনামগঞ্জ, ঠাকুরগাঁওসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও বিএনপি মিছিল সমাবেশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮৪১ ঘ.