বান্দরবান, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধে সোমবার মানববন্ধন করেছে বান্দরবানের ব্যবসায়ীরা।
দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত বান্দরবান প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এই মানববন্ধন কর্মসূচিতে বান্দরবানের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতারা অংশ নেন।
মানববন্ধনে নেতৃত্ব দেয় বান্দরবান শিল্প ও বনিক সমিতি। এছাড়া বান্দরবান বাজার ব্যবসায়ী সমিতি, বাজার মুদি দোকান ব্যবসায়ী সমিতি, ওষুধ ব্যবসায়ী সমিতিসহ ১৭টি সংগঠনের প্রতিনিধিরা মানবন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বান্দরবান বনিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও ডিসপেনসারি মালিক সমিতির সভাপতি শফিকুর রহমান, বনিক সমিতির সহ-সভাপতি লক্ষ্মীপদ দাশ, পরিচালক একেএম জাহাঙ্গীর, ব্যবসায়ী নেতা অমল কান্তি দাশ ও মুদি দোকান ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাশ প্রমুখ।
বক্তারা বলেন, একটি রাজনৈতিক দল জনগুরুত্বপূর্ণ কোনো ইস্যু ছাড়া তাদের দলীয় প্রধানের বাড়িকে ইস্যু বানিয়ে হরতাল দিয়ে মানুষকে দুর্ভোগে ফেলার চেষ্টা করছে। ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থা সৃষ্টি করছে। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়বে উল্লেখ করে ব্যবসায়ী নেতারা বিএনপিকে হরতাল পরিহারের আহ্বান জানান।
এর আগে সোমবার সকালে বান্দরবান মুদি বাজার ব্যবসায়ী সমিতি এক প্রেস বিজ্ঞপ্তিতে হরতাল চলাকালে বান্দরবানে মুদি দোকানকে হরতালের আওতামুক্ত রাখার আহ্বান জানান।
সমিতির সভাপতি আজিজুল হক স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত সময়ে সারাদেশে হরতাল হলেও পাহাড়ি, দুর্গম ও দরিদ্র এলাকা বিবেচনা করে বান্দরবানে ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকতো। এ ধারা অব্যাহত রাখতে হরতাল আহ্বানকারী রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৫৫২ ঘ.
bdnews24