ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে ফেরার আহ্বান প্রত্যাখ্যান করে উল্টো স্পিকারের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছে বিএনপি।
বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, "স্পিকারের ভূমিকা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ। তিনি নতুন করে বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন বলে আমরা মনে করি।"
লাগাতারভাবে সংসদ বর্জন করে আসা বিএনপিকে ফিরতে স্পিকার আব্দুল হামিদ রোববার পুনরায় আহ্বান জানান। সংসদ থেকে পদত্যাগে বিএনপি নেতাদের ইঙ্গিতের প্রেক্ষাপটে তিনি বলেন, লাগাতার সংসদ বর্জন ও পদত্যাগ গণতন্ত্রের জন্য শুভ নয়।
আগামী ৫ ডিসেম্বর নবম সংসদের সপ্তম অধিবেশন বসতে চললেও তাতে যোগ না দেওয়ার কথা জানিয়ে ফারুক বলেন, সংসদে ফিরে যাওয়ার কোনো 'পরিবেশই' নেই।
"আমরা সংসদে কীভাবে ফিরে যাবো। আমাদের কোনো দাবি নিয়ে স্পিকার সরকারের সঙ্গে আলোচনা কিংবা সমাধানের ব্যবস্থা করেননি", বলেন তিনি।
তবে একইসঙ্গে ফারুক বলেন, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, বিডিআর হত্যাকাণ্ড, টিপাইমুখ বাঁধ, বিরোধী দলের নেতা-কর্মীদের নির্যাতন ও মামলার বিষয়ে মুলতবি প্রস্তাবগুলো নিয়ে আলোচনার সুযোগ করে দেওয়ার শর্তে সংসদে ফেরার বিষয়টি বিবেচনা করবে বিএনপি।
বিরোধীদলীয় প্রধান হুইপ বলেন, "অতীতে বিরোধী দলের এ সংক্রান্ত কোনো মুলতবি প্রস্তাবই গ্রহণ করেননি স্পিকার। বিরোধী দলের সব দাবি উপেক্ষা করা হয়েছে।"
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিষয়ে সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, "৩৮ বছরের বাড়ি থেকে বিরোধীদলীয় নেতাকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়েছে। এটা নিন্দনীয়।"
বিএনপির প্রচার সম্পাদক ফারুক সোমবার সকাল-সন্ধ্যা হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, "এ হরতাল দেশের মানুষের স্বার্থে ডাকা হয়েছে। সরকারি দলের একজন উপদেষ্টা বলেছেন, আমরা নাকি বিচার বিভাগের বিরুদ্ধে এ হরতাল ডেকেছি- এটা ঠিক নয়।"
সংসদ ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে বিএনপির সংসদ সদস্য এবিএম আশরাফউদ্দিন নিজান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, রেহানা আখতার রানু, শাম্মী আখতার, মেজবাহউদ্দিন, নীলুফার ইয়াসমীন মনি উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এজে/১৪৩৯ ঘ.
bdnews24