২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে বিএনপির মিছিলে হামলার অভিযোগ

চট্টগ্রামে মিরসরাইয়ে হরতালের সমর্থনে মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 12:41 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে মিরসরাইয়ে হরতালের সমর্থনে মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। বিরোধী নেতারা দাবি করেছেন, হামলায় কমপক্ষে ২৩ জন আহত হয়েছে। তবে পুলিশ বলছে, সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হলেও হামলার কোনো ঘটনা ঘটেনি। রোববার বেলা সাড়ে ১২টার দিকে মিরসরাই সদরে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের নেতা-কর্মীরা মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যেতে চাইলে হামলা হয় বলে বিরোধী নেতা-কর্মীরা দাবি করেছেন। মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন ফারুক বলেন, "সংঘাত বাঁধার পরিস্থিতি তৈরি হলেও পুলিশের তৎপরতার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ছাত্রলীগ-যুবলীগ ও বিএনপি- দুই পক্ষ মহাসড়কের দুই পাশেই ছিলো জানিয়ে তিনি বলেন, "ওই সময় সাময়িক উত্তেজনার সৃষ্টি হলে পড়ে গিয়ে কেউ সামান্য আহত হতে পারে।" উপজেলা বিএনপির সভাপতি নূরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলীয় কার্যালয়ের সামনে থেকে হরতালের সমর্থনে সমাবেশ শেষে মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠার সময় পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ-যুবলীগের ৩০-৪০ জন কর্মী লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়।" মিরসরাই পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা রহিম উল্লাহ, জামশেদ আলমের নেতৃত্বে এ হামলা হয় অভিযোগ করেন নূরুল আমিন। আহত ২৩ জনের মধ্যে মো. বাবলু (৩২) নামে এক যুবদল নেতাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান। অন্যরা মিরসরাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তিনজনকে ভর্তি করা হয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান নূরুল আমিন। আহতদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে। এরা হলেন- আদিল মাহমুদ চৌধুরী, মো. সুমন, সাজ্জাদুল হক সোহাগ, নুরুদ্দিন বাবলু, আবুল কাশেম, নুরুল ইসলাম, শিপন, আবদুর রহিম, রাসেল চৌধুরী, সরওয়ার হোসেন, সাইফুল ইসলাম। এ ঘটনায় থানায় অভিযোগ করা হবে বলে নূরুল আমিন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৮৩০ ঘ.