২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলাদা সমাবেশ করবে মহিউদ্দিনবিরোধীরা

চট্টগ্রাম আওয়ামী লীগের কোন্দল চরমে উঠেছে। মহানগর কমিটির ৩ ডিসেম্বরের সমাবেশ বর্জনের ঘোষণা দিয়ে আলাদা সমাবেশ ডেকেছেন এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরোধী বলে পরিচিত নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 08:02 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম আওয়ামী লীগের কোন্দল চরমে উঠেছে। মহানগর কমিটির ৩ ডিসেম্বরের সমাবেশ বর্জনের ঘোষণা দিয়ে আলাদা সমাবেশ ডেকেছেন এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরোধী বলে পরিচিত নেতারা। চট্টগ্রামের দুই সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন ও নূরুল ইসলাম বিএসসি আগামী ২৯ নভেম্বর লালদীঘি ময়দানে হরতালবিরোধী সমাবেশের ঘোষণা দিয়েছেন। এর আগে মহিউদ্দিন নেতৃত্বাধীন নগর কমিটি ৩ ডিসেম্বর একই স্থানে 'যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা ও বিরোধী দলের ডাকা হরতাল ও নৈরাজ্য প্রতিরোধে' সমাবেশের ডাক দেয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কমিটির সব পদ পূরণ করার তোড়জোড় শুরু হলে দলীয় কোন্দলে নতুন মেরুকরণ দেখা দেয়। মহিউদ্দিনবিরোধী হিসেবে পরিচিত নূরুল ইসলামের সঙ্গে সংসদ সদস্য এমএ লতিফ ও সাবেক ছাত্রলীগ নেতা আজম নাছির উদ্দিন এতদিন থাকলেও এখন তারা অবস্থান বদলে মহিউদ্দিনের সঙ্গে ভিড়েছেন। অন্যদিকে নগর কমিটির যুগ্ম সম্পাদক আফসারুল আমীন এবং কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম এখন যোগ দিয়েছেন কমিটির সহসভাপতি নূরুল ইসলাম বিএসসির সঙ্গে, এতদিন তারা মহিউদ্দিনের পক্ষের বলেই পরিচিত ছিলেন। শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে আফসারুল আমিন ও নূরুল ইসলাম বৈঠকে বসেন বিভিন্ন ওয়ার্ডের নেতাদের সঙ্গে। তারা দাবি করেছেন, নগরের ৪৩টি ওয়ার্ড কমিটির মধ্যে ২২টির প্রতিনিধি ওই বৈঠকে ছিলেন। বৈঠকে আবদুচ ছালাম, নগর কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী এবং মহিউদ্দিনবিরোধী হিসেবে পরিচিত বর্তমান এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলররাও ছিলেন। নূরুল ইসলাম বিএসসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩ ডিসেম্বরের সমাবেশ তারা বর্জন করবেন। ২৯ নভেম্বর লালদীঘিতে আলাদা সমাবেশ হবে। "এক নেতার ইচ্ছায় ঐক্য বা হরতালবিরোধী সমাবেশ হতে পারে না", বলেন তিনি। নূরুল ইসলাম বিএসসি দলীয় কার্যক্রম পরিচালনার জন্য নগরীর দোস্ত বিল্ডিংয়ে তার নিজস্ব কার্যালয়টি ব্যবহার করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বলে বৈঠকে অংশ নেওয়া নেতারা জানান। এ বিষয়ে নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি দলীয় নয়, আমার নিজস্ব কার্যালয়। তবে দলের নেতাকর্মীরা এখানে বসে কাজ করতে চাইলে আমি তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছি।" সভায় অংশ নেওয়া ওয়ার্ড পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈঠকে নগর সভাপতি মহিউদ্দিনের তীব্র সমালোচনা করে দলে ঐক্য গড়ে তুলতে আফসারুল আমীনকে দায়িত্ব নেওয়ার অনুরোধ করা হয়। তখন আফসারুল আমীন বলেন, 'আপনাদের দাবির কথা দলীয় সভানেত্রীকে জানাবো'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১৪০০ ঘ.