চট্টগ্রাম, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরস্পরের বিরুদ্ধে বিষোদগার করে গেলেও শুক্রবার আওয়ামী লীগের এক সভায় এক মঞ্চে উঠলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী ও এমএ লতিফ।
প্রায় দুই বছর আগে মহাজোট ক্ষমতায় যাওয়ার পর এই প্রথম তাদের এক মঞ্চে দেখা গেলো।
বিএনপির হরতালের বিরুদ্ধে আগ্রাবাদে আওয়ামী লীগের ওই সমাবেশে মঞ্চে অবশ্য দেখা যায়নি চট্টগ্রাম আওয়ামী লীগে মহিউদ্দিনবিরোধী বলে পরিচিত সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসিকে। তবে ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা আজম নাছির উদ্দিন, যিনিও মহিউদ্দিন বিরোধী বলে পরিচিত।
বছরের মাঝামাঝিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলমের কাছে হারেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন।
দলের দুই সংসদ সদস্য লতিফ ও নুরুল ইসলাম এবং আজম নাছিরের অসহযোগিতাই তিন বারের মেয়র মহিউদ্দিনের পরাজয়ের কারণ বলে মনে করেন তার অনুসারীরা।
চট্টগ্রাম বন্দর ইস্যুতে প্রকাশ্যেই মহিউদ্দিন ও লতিফ একে অপরের বিরুদ্ধে বক্তব্য রেখে আসছিলেন। আর দলে প্রভাব নিয়ে নগর সহসভাপতি নুরুল ইসলামের সঙ্গেও তার ঠাণ্ডা লড়াই রয়েছে, যদিও মেয়র নির্বাচনের আগে একবার তাদের হাত মেলাতে দেখা যায়।
সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর নুরুল ইসলাম, লতিফ প্রকাশ্যেই মহিউদ্দিনের বিরোধিতা করেন। পরে কেন্দ্রীয় নেতারা একসঙ্গে কাজ করার নির্দেশ দেন তাদের। তবে নির্বাচনের ফলাফল বলে দেয়, তাতে কাজ হয়নি।
তবে শুক্রবার কেন্দ্রের নির্দেশেই মহিউদ্দিন, লতিফ ও নাছির একসঙ্গে মঞ্চে উঠেন বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেন্দ্রের নির্দেশের পর হরতালের বিরুদ্ধে জনমত গঠনে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। এটি নগর আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার প্রক্রিয়া।"
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ইসহাক মিয়ার সভাপতিত্বে আগ্রাবাদের বাদামতলী মোড়ের ওই সমাবেশে এক সঙ্গে থাকার বিষয়ে অবশ্য তিন নেতা কিছু বলেননি। তারা বিএনপির ৩০ নভেম্বরের হরতালের বিরোধিতার মধ্যেই তাদের বক্তব্য সীমাবদ্ধ রাখেন।
শুশ্র
bdnews24