ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০ নভেম্বরের হরতাল সফল করতে বৃহস্পতিবার রাতে চারদলীয় ঐক্যজোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
রাত সোয়া আটটায় এই বৈঠক শুরু হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ ৩০ নভেম্বরের সকাল-সন্ধ্যা হরতাল সফল করার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
রাত সাড়ে আটটা পর্যন্ত চারদলীয় জোটের এ বৈঠকে জামায়াতে ইসলামীর নেতারা যোগ দেননি।
এই বৈঠকের পর সমমনা দলগুলোর সঙ্গেও বৈঠকে বসবেন খালেদা জিয়া।
বৈঠকে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনি, মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, মহাসচিব শামীম আল মামুন, খেলাফত মজলিশের মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব মাওলানা শফিকউদ্দিন উপস্থিত আছেন।
সমমনা দলের বৈঠকে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, মহাসচিব লুৎফর রহমান খান, ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি জেবেল রহমান গনী, মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব গোলাম মূর্তজা প্রমুখের উপস্থিত থাকার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৫৩ ঘ.
bdnews24