নারায়ণগঞ্জ, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজনীতিকে দুর্নীতিমুক্ত করা গেলেই দেশে দুর্নীতি কমে আসবে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের প্রধান গোলাম রহমান।
দুর্নীতির অন্যতম প্রধান উৎস ক্ষমতা, আর ক্ষমতার উৎস রাজনীতি- এই মন্তব্য করে কমিশনের চেয়ারম্যান বলেন, "২০০৮ সালের সংসদ নির্বাচনে রাজনৈতিক পটপরিবর্তনের পেছনে দুর্নীতি পরায়ণতার বিষয়টি কাজ করেছে।
"দুর্নীতি রোধ করতে হলে রাজনীতিবিদদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জবাবদিহিতা নিশ্চিত করা গেলে দুর্নীতি অনেকাংশ হ্রাস পাবে।"
বৃহস্পতিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান এই কথা বলেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ বিষয়ক মতবিনিময় সভায় তিনি আরো বলেন, দুর্নীতির দায়ে অভিযুক্তরা যতই ক্ষমতাধর আর প্রভাবশালী হউক না কেন তাদের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে কমিশন।
গোলাম রহমান বলেন, "বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অভিযুক্ত অনেক দুর্নীতিবাজ বর্তমানে ক্ষমতাধর। কিন্তু ক্ষমতার প্রভাবে তারা পার পেয়ে গেছেন কিংবা যাবেন এটা সত্য নয়।"
দুর্নীতিবাজদের বিরুদ্ধে কমিশনের অবস্থান কঠোর দাবি করে তিনি বলেন, দেশের বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা থাকায় অনেক ক্ষেত্রেই দুদক কোন উদহারণ সৃষ্টি করতে পারছে না।
মতবিনিময় সভায় দুদকের মহাপরিচালক আবু মোস্তফা কামাল, পরিচালক আবু জাফর তৌফিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এম সামছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খুরশীদ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
পরে দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয়ে স্থানীয় সততা সংঘ আয়োজিত শিক্ষার্থী সমাবেশে বক্তব্য রাখেন।
নারায়ণগঞ্জ দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত এই সমাবেশে তিনি বলেন, দুর্নীতির কারণে তরুণ প্রজন্ম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্নীতি রোধে শিক্ষকদের আরো সচেতন হওয়ার আহবান জানান তিনি।
দুদক পরিচালক আবু জাফর তৌফিক দুর্নীতিবাজদের নব্য রাজাকার হিসেবে আখ্যায়িত করে তাদের সামাজিকভাবে বয়কটের আহবান জানান।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি কুতুবউদ্দিন আকসির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১২ ঘ.
bdnews24