ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপি সংসদ থেকে পদত্যাগের ইঙ্গিত দিলেও তা কোনো ধরনের সঙ্কট সৃষ্টি করবে না বলে মনে করেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।
বিএনপির হরতালের সমালোচনা করে তিনি বলেছেন, বিএনপির এ হরতাল সরকারের বিরুদ্ধে নয়, বরং আদালত তথা রাষ্ট্রের বিরুদ্ধে, যা বেআইনি।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত বৃহস্পতিবার সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, "সংসদ সদস্যরা পদত্যাগ করলে কীভাবে তা পূরণ করতে হয়, তা সংবিধানেই বলা রয়েছে। কেউ পদত্যাগ করলে তাও পূরণ হয়ে যাবে।"
সুরঞ্জিতের সংবাদ সম্মেলনের আগেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সংসদ থেকে বিএনপির পদত্যাগের ইঙ্গিত দেন।
সংসদ সদস্য সুরঞ্জিত বলেন, "পদত্যাগের হুমকি দেওয়া যেতে পারে; কিন্তু এ দেশের রাজনীতির ইতিহাসে এর নজির কম আছে। আর সংবিধানে স্পষ্ট বলা আছে পদত্যাগের পদ্ধতি।
"তারা পদত্যাগ করলেও কোনো সমস্যা হবে না। তাদের শূন্য আসনগুলোতে উপ-নির্বাচন হবে। সেক্ষেত্রে কোনো সঙ্কট সৃষ্টি হবে না", বলেন তিনি।
বিএনপি পদত্যাগ করলে সংসদ একদলীয় সংসদে পরিণত হবে- এ মন্তব্য করে সালাউদ্দিন কাদের বলেন, একদলীয় সংসদ কোনো দিনই মেয়াদ পূর্ণ করতে পারে না।
এর জবাবে সুরঞ্জিত বলেন, "মহাজোটে বহুদল আছে, সেক্ষেত্রে একদলীয় সংসদের প্রশ্নই আসে না। বিএনপি পদত্যাগ করলে ওই জায়গায় ৩০টি দলও আসতে পারে।"
৩০ নভেম্বর জনগণের সমস্যা সমাধানের নয়, বরং খালেদা জিয়ার বাড়ি এবং তারেক ও আরাফাত রহমানের জন্যই বিএনপি হরতাল ডেকেছে বলে দাবি করেছেন সুরঞ্জিত।
তিনি বলেন, "এবারের হরতাল অসাংবিধানিক, বেআইনি এবং রাষ্ট্রবিরোধী। অতীতে বিচার ব্যবস্থার বিরুদ্ধে কখনো হরতাল হয়নি। এ হরতাল ডেকে বিএনপি সর্বোচ্চ আইন লঙ্ঘন করেছে।"
"সরকারের বিরুদ্ধে হরতাল করার অধিকার আছে। আদালতের বিরুদ্ধে হরতাল করার অধিকার নেই। আদালতের বিরুদ্ধে হরতাল করা মানে সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে হরতাল করা", বলেন সুরঞ্জিত।
বাড়ি নিয়ে বিএনপি চেয়ারপারসনের আপিল আবেদনের শুনানি হবে ২৯ নভেম্বর। সেদিন বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ কর্মসূচি আদালতকে ভয় দেখানোর জন্যই দেওয়া বলে মনে করেন সুরঞ্জিত।
বিরোধী দলে থাকা অবস্থায় আওয়ামী লীগের হরতাল ডাকার বিষয়টি তুলে ধরে আওয়ামী লীগ সংসদ সদস্য সুরঞ্জিত বলেন, "অসাংবিধানিক সরকারকে উৎখাতে হরতাল ডাকা যায়। কিন্তু নির্বাচিত সরকারকে উৎখাতে হরতাল করা যায় না।"
"বিএনপি মনে হয় রাষ্ট্রবিহীন নৈরাজ্যকর শাসন ব্যবস্থা চাচ্ছে", বলেন তিনি।
বিএনপির হরতাল জনগণ প্রত্যাখ্যান করবে বলেই মনে করেন সুরঞ্জিত। তিনি বলেন, "সরকারের আছে দল আর প্রশাসন। সরকার প্রশাসনিক এবং দলীয়ভাবে হরতাল প্রতিরোধ করে। কিন্তু রাষ্ট্র জনগণের। রাষ্ট্রের বিরুদ্ধে গেলে জনগণের অধিকার আছে হরতাল প্রতিরোধ করার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৫৫০ ঘ.
bdnews24