২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে যুবদলের মিছিলে পুলিশের লাঠিপেটা

পটুয়াখালীতে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী যুবদলের মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 09:44 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

পটুয়াখালী, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী যুবদলের মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে জেলা শহরের শেরেবাংলা রোডে যুবদলকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। ওই সময় যুবদলকর্মীরা পুলিশের প্রতি ইট ছুড়লে তাতে আহত হন বাংলাভিশনের জেলা প্রতিনিধি আবু তাহের বাপ্পা। যুবদল নেতারা বলছেন, পুলিশ বিনা উস্কানিতে তাদের ওপর হামলা চালায়। পুলিশ কর্তৃপক্ষ বলছে, অনুমতি ছাড়া মিছিল করতে বারণ করলে যুবদলকর্মীরা তা না শোনায় পুলিশ পদক্ষেপ নেয়। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুস্তাফিজুর রহমান রুমী সাংবাদিকদের জানান, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়িছাড়া করার প্রতিবাদে তারা মিছিল করে। অপর যুগ্ম আহ্বায়ক তৌফিক আলী খান কবির বলেন, "মিছিল শুরু হতেই পুলিশ আমাদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে।" পুলিশের লাঠিপেটায় ইভান, সাকিল, তাহের, জাফর, জুয়েল, মিলন, মাহমুদ, রানাসহ ১০ জন আহত হয় বলে যুবদল জানিয়েছে। পুলিশের হামলার প্রতিবাদে পরে শেরে বাংলা রোডে সমাবেশ করে যুবদল। যুবদলের মিছিলে হামলার বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি নরেশ কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা বিনা অনুমতিতে মিছিল বের করেছিলো। তাই পুলিশ বাধা দিয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪০ ঘ.