২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারকে সতর্ক করলেন অলি আহমেদ

দ্রব্যমূল্য ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে দাবি করে ক্ষমতাসীন দলকে সতর্ক করেছেন এলডিপি সভাপতি অলি আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 08:35 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্য ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে দাবি করে ক্ষমতাসীন দলকে সতর্ক করেছেন এলডিপি সভাপতি অলি আহমেদ। তিনি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, "দেশের পরিস্থিতি ভালো নয়। সরকারের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। বঙ্গবন্ধু হত্যাকারীদের ফাঁসি দেওয়া ছাড়া দুই বছরে তাদের কোনো ক্ষেত্রে সফলতা নেই।" "এখনো সময় আছে, ব্যবস্থা নিন। নইলে আপনাদের পরিণতি ভালো হবে না", সরকারের উদ্দেশে বলেন অলি। সরকারের কার্যক্রম নিয়ে মহাজোট শরিক ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সমালোচনার পরই একদিন পর এ সতর্কবার্তা দিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি। সরকারের ব্যর্থতার সমালোচনা করলেও প্রধান বিরোধী দল বিএনপির হরতালে সমর্থন দেয়নি এলডিপি। অলি বলেন, "ধ্বংসাত্মক রাজনীতি ও হরতাল আমরা সমর্থন করি না। প্রতিহিংসার রাজনীতি সবাইকে পরিহার করতে হবে।" যুদ্ধাপরাধীর বিচারে দেরিতে ক্ষোভ প্রকাশ করে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অলি বলেন, "২ বছরে সরকার কোনো যুদ্ধাপরাধীদের শাস্তি দিতে পারেনি। কেবল গ্রেপ্তারের নামে তাদের ওপর মনস্তাত্বিক চাপ সৃষ্টি করেছে মাত্র। অনেক চিহ্নিত যুদ্ধাপরাধীকে বড় অঙ্কের টাকার বিনিময়ে ধরা হচ্ছে না বলে দেশের মানুষের মুখে মুখে কথা হচ্ছে।" "যুদ্ধাপরাধীর বিচারের কথা বলে এভাবে বিলম্ব গ্রহণযোগ্য নয়। সরকারকে বলছি- এ খেলা খেলে লাভ নেই। গোল করে দিন। জনগণকে বিচারের কথা বলে এরকম খেলায় ব্যস্ত রেখে লাভ হবে না", বলেন তিনি। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়িছাড়া করার বিষয়ে এক সময়ের বিএনপি নেতা অলি বলেন, "মানবিক কারণে হলেও সুপ্রিম কোর্টের বিচারাধীন মামলা নিষ্পত্তির সময় পর্যন্ত সরকারের অপেক্ষা করা উচিৎ ছিলো।" ২৯ নভেম্বরের পর সর্বোচ্চ আদালতের আদেশ অনুযায়ী কাজটি হলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হতো বলে মনে করেন তিনি। খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির কর্মচারী সংখ্যা নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বক্তব্যের সমালোচনা করে সাবেক সেনা কর্মকর্তা অলি বলেন, "মিথ্যা বক্তব্য দিলে জনগণ তা বুঝতে পারে। বেগম জিয়ার বাড়িতে ৬৩/৬৪ জন থাকে- এটা বিশ্বাসযোগ্য নয়। এরকম বক্তব্য উদ্ভট ও বিকৃত মস্তিকের উক্তি বলে আমি মনে করি।" সংসদ সদস্য অলি আহমেদ মনে করেন, সরকার ও তার দলের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তাদের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। আর সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের দমনে সরকারের পদক্ষেপ যথাযথ নয়। রাজনৈতিক দল নিবন্ধনে নতুন আইন করতে সরকারকে পরামর্শ দিয়েছেন এ আইন প্রণেতা। তিনি বলেন, "বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়েছে। তাদের অনেকেই বিগত সংসদ নির্বাচনে অংশ নেয়নি। শুধু প্যাড ছাপিয়ে ওয়ার্কশপ-সেমিনারের মাধ্যমে দেশে-বিদেশে নিজেদের স্বার্থ সিদ্ধিতে লিপ্ত রয়েছে। দেশের স্বার্থে তাদের নিবন্ধন বাতিল করতে হবে।" প্রশাসনিক কাজ গতিশীল করতে ১২/১৩টি প্রদেশ গঠনের মাধ্যমে প্রশাসন বিকেন্দ্রীকরণের পরামর্শও দেন তিনি। জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদও আটটি প্রদেশ গঠনের দাবি জানিয়ে আসছেন। ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়ে অলি বলেন, "দেশের ক্ষতি হয়, এমন কিছু করা ঠিক হবে না। ভারতের সঙ্গে আমাদের ন্যায্য পানি হিৎসা ঠিক না হওয়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বেড়েছে। সীমান্তে বাংলাদেশি নাগরিকরা প্রতিনিয়ত হত্যা হচ্ছে। এরকম নির্যাতন অব্যাহত থাকলে ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব কোথায়?" সুন্দরবন হোটেলে এলডিপির সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ দিদার বখত, নাজিমউদ্দিন, মাহমুদুর রহমান, যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, কেন্দ্রীয় নেতা জমিরুল আখতার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৩০ ঘ.