ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি থেকে সদ্য বহিস্কৃত নাজমুল হুদা বলেছেন, দলের স্থায়ী কমিটির বহিষ্কারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন।
রোববার রাত ১২টায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে নিজের এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপির সাবেক এই সহসভাপতি।
তিনি বলেন, "এভাবে বহিষ্কারের সিদ্ধান্তের আইনগত বৈধ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আমি অবশ্যই এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আইনি লড়াই করব।''
নাজমুল হুদা আক্ষেপ করে আরো বলেন, "কথা বলার জন্য এতো কঠিন শাস্তি আমাকে পেতে হবে, তা আমি কখনোই চিন্তা করিনি।
''জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে এসেছি। দলের প্রথম স্থায়ী কমিটির অন্যতম সদস্য ছিলাম আমি। দলের আদর্শকে সমুন্নত রাখতে সারাটা জীবন কাজ করেছি।"
সোমবার এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে তিনি জানালেন।
এর আগে রাতেই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে নাজমুল হুদাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
হরতাল এবং খালেদা জিয়ার কৌঁসুলিদের সমালোচনার পর বিএনপি তাকে বহিষ্কার করলো।
বৈঠক চলাকালে এক ব্রিফিঙে দলের দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ''বারবার সর্তক করা সত্ত্বেও গণমাধ্যমে সংগঠন বিরোধী বক্তব্য দিয়ে তিনি (নাজমুল হুদা) দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করছেন। এজন্য স্থায়ী কমিটি দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা অনুযায়ী তাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত একটি চিঠিতে দলের মহাসচিব স্বাক্ষর করেছেন।"
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে রাত পৌনে ৮টায় এ বৈঠক বসে। এতে সভাপতিত্ব করেন খালেদা জিয়া।
ব্রিফিঙে নাজমুল হুদাকে বহিষ্কার সংক্রান্ত একটি চিঠিও পড়ে শোনান দপ্তর সম্পাদক।
এতে বলা হয়, '' ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকা ও গঠনতান্ত্রিক বিধি-বিধান মেনে চলার জন্য বারংবার ব্যারিস্টার হুদাকে সর্তক করে দেওয়া হয়েছিলো। কিন্তু তা অগ্রাহ্য করে তিনি সংগঠন বিরোধী অপতৎপরতা অব্যাহত রেখেছেন। এসব কার্যকলাপ দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।"
গত শুক্রবার নিজের বাড়িতে এক সংবাদ সম্মেলন ডেকে নাজমুল হুদা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি হারানোর জন্য তার কৌঁসুলিদের দায়ী করে বক্তব্য রাখেন। ঈদের আগে হরতাল দেওয়ার সমালোচনা এবং খালেদা জিয়ার আবেগপ্রবণ কান্নার বিষয় নিয়ে বিরূপ মন্তব্য করেন তিনি।
নাজমুল হুদার এ বক্তব্যের পর বিএনপিতে প্রতিক্রিয়া দেখা দেয়।
এরপরই দল থেকে নাজমুল হুদাকে বহিষ্কার করা হচ্ছে বলে জল্পনা-কল্পনা শুরু হয়।
এর আগে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, দলের স্থায়ী কমিটির বৈঠকেই নাজমুল হুদাকে বহিষ্কারের সিদ্ধান্ত হবে।
তিনি বলেন, "নাজমুল হুদার বিষয়ে দলীয় চেয়ারপারসন স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সবাই একমত হয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে স্থায়ী কমিটির বৈঠকে।"
এক বছর আগে দলের স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীকে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য বহিষ্কার করা হয়েছিলো।
বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দলীয় ফোরামের বাইরে আলোচনা করে এর আগেও দলে সমালোচনায় পড়েন নাজমুল হুদা। বিএনপির এবারের কমিটিতে প্রথমে স্থান না পেয়ে দল ছাড়ার হুমকি দিয়েছিলেন তিনি। পরে তাকে সহসভাপতি করা হয়।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার পর তার নেতৃত্বে গঠিত প্রথম স্থায়ী কমিটির সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন নাজমুল হুদা। খালেদা জিয়ার নেতৃত্বাধীন দুই সরকারের আমলে তিনি মন্ত্রিসভার সদস্য ছিলেন।
ঢাকার দোহার থেকে গত সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হলেও এবার তিনি পরাজিত হন।
১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির অভিযোগে নাজমুল হুদাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা হয়।
স
bdnews24