বরিশাল, ২১ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বানারীপাড়া উপজেলায় যুবলীগ নেতার নেতৃত্বে এক বিএনপি নেতাকে মারধর ও কান ধরে ওঠবস করানোর অভিযোগ পাওয়া গেছে।
রোববার সকালে পৌর শহরের রায়েরহাট এলাকায় ওই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
এ ঘটনায় আহত সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মীর সহিদুল ইসলাম বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
সহিদুল ইসলাম জানান, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তিনি (সহিদুল ইসলাম) বাদী হয়ে স্থানীয় যুবলীগ নেতা মাহফুজুল হক মাসুম, তার বাবা আব্দুল হক ও ছোটভাই ছাত্রলীগ নেতা মাহমুদুল হক সুমনকে আসামি করে একটি ডাকাতি মামলা করেন।
এ কারণে মাহফুজুল হক মাসুম তার উপর হামলা চালান বলে সহিদ দাবি করেন। তবে কান ধরে ওঠবস করানোর বিষয়টি তিনি এড়িয়ে যান।
সহিদুল ইসলাম সাংবাদিকদের আরো বলেন, তাদের দল ক্ষমতায় থাকাকালে শীর্ষ নেতাদের পরামর্শে ওই মামলা করেন তিনি।
তবে তত্ত্বাবধায়ক সরকারের সময় মামলাটি প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী সুলতান আহম্মেদ সাংবাদিকদের বলেন, সহিদকে মারধরের পর কান ধরিয়ে ওঠবস করানো হয়। এরপর কান ধরা অবস্থায় বাজারের বিভিন্ন গলিতে ঘোরানো হয়।
রায়েরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি শেখ আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, সকালে ব্যবসায়ীদের কাছে ঘটনা শুনেছি।
যুবলীগ নেতা মাহফুজুল হক মাসুম বলেন, "আমি কাউকে মারধর করিনি। সকালে সহিদুল ইসলাম ও তার কয়েকজন ভাই মিলে আমার উপর হামলা চালালে আমি আহত হই। এ ঘটনায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে সহিদকে মারধর করে।"
বানারীপাড়া থানার ওসি মো. মেসবাহ্ উদ্দিন আহমেদ বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে থানায় কেউ অভিযোগ দায়ের করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১২ ঘ.
bdnews24