২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলালসহ পাঁচ জনের বিরুদ্ধে 'মিথ্যা' মামলার অভিযোগ বিএনপির

প্রধান বিচারপতির বাসভবনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে 'মিথ্যা' মামলা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2010, 05:20 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতির বাসভবনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে 'মিথ্যা' মামলা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তবে পুলিশ এ অভিযোগ নাকচ করে দিয়ে বলেছে, ওই ঘটনায় মামলা হলেও কোনো আসামীর নাম উল্লেখ করা হয়নি। শুক্রবার রাতে এক বিবৃতিতে দেলোয়ার দাবি করেন, পুলিশ বিস্ফোরক আইনে যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, বিএনপি'র মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও আখতার হামিদ পবনের বিরুদ্ধে 'মিথ্যা' মামলা দায়ের করেছে। পবন হচ্ছেন বিএনপি মহাসচিবের ছোট ছেলে। এছাড়া আলাল, সোহেল ও টুকুর বাসায় পুলিশ তল্লাশিও চালায় অভিযোগ করে এর নিন্দা জানান দেলোয়ার। এ সম্পর্কে রমনা থানার ওসি শিবলী নোমান শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সরকারি বাড়িতে হাতবোমা বিস্ফোরণের মামলায় কোনো আসামীর নাম উল্লেখ নেই। অজ্ঞাতদের আসামী করে মামলা হয়েছে। তিনি আরো বলেন, যে কেউ সন্দেহের তালিকায় থাকতে পারে এবং তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। র‌্যাব-২ এর অপারেশনস অফিসার এএসপি শফিউল আলম যুবদল সভাপতি আলালের বাসায় তল্লাশির অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার বাসায় কোনো তল্লাশি চালানো হয়নি। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমানও জানান, আলালের বাসায় পুলিশ কোনো তল্লাশি চালায়নি। রাজধানীর কাকরাইলে অবস্থিত প্রধান বিচারপতির বাসভবনের সীমানায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রধান বিচারপতি এ সময় বাসার ভেতরে ছিলেন। তবে এতে কেউ হতাহত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএইচএ/এইচএ/২৩০০