ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটের নেতারা সোমবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে দেখা করেছেন।
জামায়াত নেতাদের মধ্যে ছিলেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ও সাংসদ হামিদুর রহমান আজাদ। ঐক্যজোট নেতাদের মধ্যে ছিলেন- এর চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী ও মহাসচিব আব্দুল লতিফ নেজামী।
দুই শরিক দলের নেতারা আলাদাভাবে খালেদার সঙ্গে সাক্ষাৎ করেন।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধিদল রাতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
২০ সদস্যের এ প্রতিনিধি দলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক সদরুল আমিন ও বর্তমান সাধারণ সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলামসহ শিক্ষক নেতারা ছিলেন।
এ সময় ১৩ নভেম্বর সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ি থেকে বিরোধী দলীয় নেতাকে 'জোরপূর্বক' উচ্ছেদের ঘটনায় শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেন।
এর আগে সকালে বিএনপিপন্থী শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করে ওই ঘটনার প্রতিবাদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২০৯ ঘ.
bdnews24