ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়ি ছাড়া নিয়ে খালেদা জিয়ার বিভিন্ন অভিযোগের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, বিরোধীদলীয় নেতা দায়িত্বশীল আচরণ করেননি।
শনিবার ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি ছাড়তে হয় বিএনপি চেয়ারপারসনকে। খালেদার অভিযোগ, তাকে জোর করে বাড়ি থেকে বের করা হয়েছে। হাইকোর্টের রায় মেনে ওই বাড়ি ছেড়ে দিতে সরকারের পক্ষ থেকে বিরোধী নেতাকে আহ্বান জানানো হচ্ছিলো।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "তিনি (খালেদা) দায়িত্বশীল নেতার মতো আচরণ করেননি। তিনি দায়িত্বশীল কথাও বলেননি। বিরোধীদলীয় নেতার গণতান্ত্রিক আচরণ দেখানো এবং কথা বলা উচিৎ।"
জোর করে বাড়ি থেকে বের করার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে খালেদার কান্না প্রসঙ্গে টুকু বলেন, "বিরোধীদলীয় নেতা একটি বাড়ি রক্ষার জন্য এখন কাঁদছেন। কিন্তু শেখ হাসিনা ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িটি জনগণের জন্য দিয়ে দিয়েছেন। ২১ অগাস্টের গ্রেনেড হামলার পরও শেখ হাসিনা কাঁদেননি। বরং তিনি জীবনের এতবড় ঝুঁকি সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেন।"
সেনানিবাসের বাড়িতে বসে খালেদা জিয়া ষড়যন্ত্র করছিলেন বলে দাবি করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে কী ধরনের ষড়যন্ত্র তা বলেননি তিনি।
বিএনপির হরতালের সমালোচনা করে টুকু বলেন, "হরতাল তাদের গণতান্ত্রিক অধিকার। তবে সেনানিবাসের বাড়ি রক্ষার আন্দোলন মানেই দুর্নীতিবাজ তারেক রহমানকে রক্ষার আন্দোলন করা। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা ও যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য এ আন্দোলন করা হচ্ছে। এ ধরনের ইস্যুবিহীন হরতাল জনগণ মানবে না।"
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপিকে সংসদে গিয়ে তাদের বক্তব্য তুলে ধরার আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫১১ ঘ.
bdnews24