২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, চাঁদপুরে সংঘর্ষ

বিএনপির ডাকা হরতালে নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, চাঁদপুরে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 07:44 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিএনপির ডাকা হরতালে নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, চাঁদপুরে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এই তিন জেলায় অন্তত ৪৫ জন আহত হয়েছে। পুলিশ লাঠিপেটা করে ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্য কয়েকটি জেলায় পুলিশের সাথে হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা ভোর থেকেই শহরের বঙ্গবন্ধু সড়কে দলের জেলা কার্যালয়ের সামনে অবস্থান নিতে থাকে। শহরের বেশ কয়েকটি স্থানে হরতাল সমর্থকরা পিকেটিং করে। সকাল ৯টার দিকে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে তিন পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। বিক্ষুদ্ধ নেতাকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ পাঁচ রাউন্ড কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে। নারায়নগঞ্জে সকাল থেকে কোন বাস চলাচল করেনি। শহর ও শহরতলীতে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহরের দুই নম্বর রেল গেট এলাকায় মিছিল করার সময় বন্দর থানা যুবদলের সম্পাদক সানোয়ার হোসেন ও যুবদল নেতা কাজী বাদলকে পুলিশ আটক করে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জানান, হরতালের সমর্থনে সকালে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয় এবং বেপরোয়া লাঠিপেটা করে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে। পুলিশ লাঠিপেটা শুরু করলে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে শান্তিপূর্ণ হরতাল হচ্ছে। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, বিএনপির ডাকা হরতালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদরে পিকেটারদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সকাল ৮টার দিকে বিএনপির একটি মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষের সুত্রপাত হয়। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ প্রথমে লাঠিপেটা ও পরে ফাঁকা গুলিবর্ষন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষকালে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন ও পৌর বিএনপির সভাপতি হাফিজ উদ্দিনসহ অন্তত ২০জন আহত হয়। পরে বিএনপির শত শত নেতাকর্মী পাকুন্দিয়া থানা ঘেরাও করে রাখে। কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এসময় বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। এদিকে হরতাল চলাকালে জেলা সদরে সকাল থেকে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে রিকশা চলাচল স্বাভাবিক হয়ে আসে। এছাড়া স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে। হরতালের কারণে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অফিস আদালতের কার্যক্রম চলছে। হরতালের কারণে শহরের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ শহরের নিউ টাউন এলাকা থেকে দুই পিকেটারকে গ্রেপ্তার করেছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম পাকুন্দিয়ায় সংঘর্ষ ও গুলিবর্ষনের ঘটনা স্বীকার করে বলেন, "জেলার বাকি ১২টি উপজেলায় পরিস্থিতি শান্ত রয়েছে।" বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবান শহরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অভ্যন্তরীন রুট ও দূরপাল্লার কোন যানবাহন চলেনি। নৌপথে নৌকা চলাচলও বন্ধ রয়েছে। শহরে কিছু রিকশা চলছে। শহরে খাবারের দোকান, ওষুধের দোকান ও কাঁচা বাজার ছাড়া সকল দোকানপাট বন্ধ রয়েছে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ভোর থেকেই জেলা কার্যালয় ও বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে খণ্ড খণ্ড মিছিল করে। সকাল ১০টার দিকে জেলা কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সম্পাদক মিসেস মাম্যাচিং, জেলা বিএনপির সভাপতি সাচিংপ্র" জেরী, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. ওসমান গণি, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, হরতাল চলাকালে সকাল ৯টার দিকে শহরের কালিবাড়ি মোড়ে পুলিশের সাথে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ৫ জন আহত হয়। সংঘর্ষকালে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি করে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়। শহরে রিকশাসহ সকল প্রকার যানবাহন ও দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে। তবে রেল চলাচল স্বাভাবিক রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি হামিদুল ইসলাম জানান, পুলিশের উপর হামলার অভিযোগে অনু ইসলাম নামের এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া, সরাইল, নাসিরনগর, নবীনগর, আশুগঞ্জ, বাঞ্চারামপুর ও বিজয়নগর উপজেলায় শান্তিপূর্ণভাবে হরতাল হচ্ছে বলে খবর পাওয়া গেছে। বরগুনা প্রতিনিধি জানান, শনিবার রাত থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত পুলিশ বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তারা হলেন আমতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মামুন, বেতাগী উপজেলা যুবদলের সভাপতি মশিউর রহমান, আমতলী পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবুল বাশার, আমতলী উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মুন্সী, বিএনপি নেতা আক্কাস হোসেন, যুবদল নেতা মিজানুর রহমান, সরিষামুড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আয়নাল হক বিশ্বাস, বেতাগী ছাত্রদল নেতা আরিফুর রহমান প্রিন্স, মাহাবুবুর রহমান, বরগুনা সদরের রাজু, রাজু-১, মামুন ও সাইফুল ইসলাম। নরসিংদী প্রতিনিধি জানান, হরতাল চলাকালে নরসিংদী শহরের সাটিরপাড়ায় পিকেটারদের সাথে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের ধাওয়ায় বিএনপি নেতাকর্মীরা মিছিল করতে না পেরে রাস্তায় বসে পড়ে। বিক্ষুব্ধ বিএনপি কর্মী সমর্থকরা সাটিরপাড়া এলাকায় কয়েকটি রিকশা ভাংচুর করে। এ সময় পুলিশ জেলা মৎস্যজীবি দলের সভাপতি মো. মিলন মিয়া, জেলা যুবদলের সহ সভাপতি ও খায়রুল কবীর খোকনের ছোট ভাই সোহরাব হোসেন, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. স্বপন ও বিএনপি কর্মী মো. মোস্তফা মিয়াকে গ্রেপ্তার করে। শহরে দোকানপাট বন্ধ রয়েছে। ফেনী প্রতিনিধি জানান, ফেনী শহরে পিকেটিংকালে যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তারা হলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন খোন্দকার, ফেনী সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম, সদর উপজেলার ফাজিলপুর সাউথ ইস্ট কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. আলম লিটন, ছাত্রদল কর্মী ছোটন ও দিদার। শহরের আদালত পাড়া ও ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ফেনী বাইপাসের বিভিন্ন অংশ থেকে রোববার সকালে তাদের আটক করা হয় বলে জানান জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী ও জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মেজবাহউদ্দিন। ফেনীর পুলিশ সুপার মো. ইমাম হোসেন জানান, শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। চাঁদপুর প্রতিনিধি জানান, হরতাল চলাকালে রোববার সকাল ১০টার দিকে চাঁদপুর শহরের চিত্রলেখা এলাকায় পিকেটিংকালে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েলসহ ৩ জনকে আটক করে। অপর দুজন হচ্ছেন চাঁদপুর সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ পলাশ ও শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন মাসুদ। চাঁদপুর সদর মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ডলি আক্তার বলেন, "আটককৃতরা থানা হাজতে রয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে কিনা সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ, থানার ওসি ও অন্য কর্মকর্তারা বাইরে দায়িত্ব পালন করছেন। ওদিকে প্রায় একই সময়ে শহরের কালিবাড়ি এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে একটি মিছিলে পুলিশ বাধা দেয়। এতে মিছিলকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কেউ আহত হয়নি। চাঁদপুরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে বেশিরভাগ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। রিকশা ছাড়া কোনো যানবাহন চলাচল করছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩৩০ ঘ.