ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে বিএনপির ডাকা হরতালে রাজধানীতে পুলিশের টহলগাড়িতে পেট্রলবোমা হামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঢাকা জেলা জজ আদালতের সামনে জনসন রোডে টহল ইন্সপেক্টরের মো. সাজ্জাদ হোসেনের গাড়িতে সকাল ১০ টার দিকে এক যুবক বোমাটি নিক্ষেপ করে। এ সময় সাজ্জাদ হোসেন গাড়িতে ছিলেন না। তার চালক পুলিশের কনস্টেবল সাজ্জাদ ছিলেন। তিনি আহত হয়েছেন।
সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চোখের পলকে একটা যুবক এসে আমার পাশের সিটে একটি বোতল ছুড়ে দৌঁড় দেয়। মুহুর্তেই সামনের দুই সিটে আগুন ধরে যায়। আমি নেমে পড়ি। এ সময় আশপাশের লোক এসে আগুন নিভিয়ে ফেলে।"
রাজধানীর ওয়ারী অঞ্চলের উপ-পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে বলেন, "এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সে ছাত্রদলের কর্মী বলে ধারণা করা হচ্ছে।"
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক কামাল হোসেন তালুকদার জানান, এর কিছুক্ষণ পরে জনসন রোডের ঢাকা ন্যাশনাল হাসপাতালের গলিতে মালবাহী একটি পিকআপ ভানে আগুন লাগিয়ে দেয় পিকেটাররা। দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে।
বিএনপির ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতালের শুরুতে সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর মিরপুর, শান্তিনগর ও ফকিরেরপুল মোড়ে গাড়িতে হামলা চালায় পিকেটাররা।
ধানমণ্ডিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।
হরতালের সমর্থনে সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল বের করা হয়। মিছিলে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ছাত্রদল নেতারাও অংশ নেয়।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময়ে প্রধান বিরোধী দলের দ্বিতীয় হরতাল এটি। প্রথমটি হয়েছিলো গত ২৭ জুন।
পুলিশ জানিয়েছে, হরতালকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েয়েছ। সচিবালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে র্যাব সদস্যরাও সতর্কাবস্থায় রয়েছে।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের কিছু এলাকায় ব্যারিকেড বসানো হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ, কাছাকাছি স্থানে জলকামানের গাড়ি ও পুলিশ ভ্যান রাখা আছে।
ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপল্লার যান চলাচল বন্ধ রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাভার প্রতিনিধি জানিয়েছেন। তিনি জানান, স্থানীয় সাংসদ তৌহিদ জং মুরাদের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে সাভার বাজারে হরতাল বিরোধী মিছিল করে। হরতালে রাস্তায় দুএকটি গাড়ি যা চলছিলো এসময় তাও বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, হরতালে ঢাকা থেকে দক্ষিণাঞ্চগামী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
হরতালের সকালে রাজধানীতে যন্ত্রচালিত যানবাহন কম চলাচল করতে দেখা গেছে। দূরপাল্লার যাত্রীবাহী বাসের জন্য বিভিন্ন কাউন্টারে বিপুল সংখ্যক মানুষের ভিড় দেখা গেছে। রাস্তায় প্রচুর রিকশা থাকলেও অনেককেই পায়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে।
হরতালে রাজধানীর পুরানা পল্টন, কাকরাইল, গুলিস্তান, তোপখানা রোড, মালিবাগ, মৌচাক, রামপুরা সড়ক, মগবাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর, মতিঝিল, হাটখোলাসহ বিভিন্ন সড়কের পাশের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে রাজধানীর অধিকাংশ স্কুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসএম/পিসি/এসআইটি/এজে/কেএমএস/১০২৭ ঘ.
bdnews24