২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবাইকে প্রযুক্তিবান্ধব করতে চাই: হাসিনা

ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার লক্ষ্য দেশের প্রতিটি মানুষকে দৈনন্দিন কাজে তথ্য প্রযুক্তি ব্যবহারে সক্ষম করে তোলা। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 09:01 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সকল ইউনিয়ন পরিষদের একটি করে 'ইউনিয়ন তথ্য ও সেবা' কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবো। আমরা সাবলম্বী, উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসাবে আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।" প্রধানমন্ত্রী কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ৪ হাজার ৫০১টি ইউনিয়নে তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন করেন শেখ হাসিনা। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তি প্রসারের যে লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার এগোচ্ছে, তারই একটি পদক্ষেপ ইউনিয়নে তথ্য কেন্দ্র চালু। এর মধ্য দিয়ে প্রত্যন্ত অঞ্চলের জনগণের তথ্য প্রাপ্তি যেমন সহজ হবে, এর পাশাপাশি দুর্নীতিও কমবে বলে মনে করছেন সরকারপ্রধান। শেখ হাসিনা বলেন, "নির্বাচনের আগে আমরা যে অঙ্গীকার করেছিলাম- এই তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে আমরা ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে গেলাম। আমরা চাই, দেশের প্রতিটি মানুষ যেন তাদের দৈনন্দিন কাজে তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারে।" "আমরা দেশের প্রতিটি মানুষের উন্নত জীবন নিশ্চিত করতে চাই। এজন্যই দিন বদলের চেষ্টা। ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে আমরা জনগণের মৌলিক চাহিদার অনেকাংশই সহজে তাদের কাছে পৌঁছে দিতে পারবো", বলেন তিনি। ভোলার চর কুকড়ি মুকড়িতে অবস্থানরত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রশাসক ও নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করেন প্রধানমন্ত্রী। তথ্য প্রযুক্তির প্রসারের মাধ্যমে সরকারি কার্যক্রমকে জনসম্পৃক্ত করে তোলার এ উদ্যোগের জন্য শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানান হেলেন ক্লার্ক। এ কর্মসূচিতে সহায়তার জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। ইউনিয়ন তথ্য কেন্দ্র থেকে ইন্টারনেটের মাধ্যমে সরকারি কার্যক্রমের বিস্তারিত জানতে পারবে জনগণ। ব্লগের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনাও করতে পারবে তারা। ফলে জেলা সদরে যাওয়ার সময় ও খরচ বাঁচবে। শিক্ষার্থীরাও ভর্তি ও পরীক্ষা সম্পর্কে জানতে পারবে। প্রধানমন্ত্রী বলেন, "ধনী-গরিব নির্বিশেষে সবার কাছে প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে আমরা এ উদ্যোগ নিয়েছি। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দুর্নীতি কমানো সম্ভব। এর মাধ্যমে স্থানীয় প্রশাসনকে আরো শক্তিশালী করা যাবে।" তথ্য প্রযুক্তির প্রসারে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে অল্প খরচে ল্যাপটপ তৈরিতে সরকারের উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী। হাসিনা বলেন, "ডিজিটাল বাংলাদেশ গড়তে সম্পদ কোনো বাধা নয়। বাধা হলো আমাদের মানসিকতা। আমার বিশ্বাস এই বাধাও আমরা দূর করতে পারবো।" তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধনের পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে চর কুকড়ি মুকড়ি থেকে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এবং স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বক্তব্য রাখেন। স্থানীয় জনগণের পক্ষ থেকে প্রতিক্রিয়া তুলে ধরেন আব্দুল আজিজ এবং শারমিন। অন্যদিকে কিশোরগঞ্জের যশোধা ইউনিয়ন কেন্দ্র ছিলেন তথ্য, যোগাযোগ এবং প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। পেশায় মাঝি আব্দুল আজিজ বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী, এতদিন শুনে এসেছিলাম ডিজিটাল বাংলাদেশের কথা। আজ দেখলাম, ডিজিটাল বাংলাদেশ কী? আমরা এখন ইউনিয়ন তথ্য কেন্দ্র থেকে আবহাওয়ার খবর নিয়ে সাগরে মাছ ধরতে যাই।" অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কার্যালয়ের অন্তর্গত 'অ্যাকসেস টু ইনফরমেশন' প্রকল্পের নজরুল ইসলাম খানও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪৫৫ ঘ.