২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বিএনপির ১৮ নেতা-কর্মী কারাগারে

আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ হেলালের গাড়ি ভাংচুর ও চাঁদাদাবির মামলায় বিএনপির ১৮ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে বাগেরহাটের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 12:16 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

বাগেরহাট, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ হেলালের গাড়ি ভাংচুর ও চাঁদাদাবির মামলায় বিএনপির ১৮ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে বাগেরহাটের একটি আদালত। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের সময় বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া) আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হেলালের গাড়ি ভাংচুর এবং চাঁদা দাবির এই ঘটনা ঘটে বলে মামলার অভিযোগে বলা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই হেলাল বর্তমানে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য। গত বছরের ৭ ডিসেম্বর সদর থানায় মামলাটি করেন উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবর মল্লিক। মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। আসামিদের জামিনে থাকা বিএনপির ১৮ নেতা-কর্মী মঙ্গলবার দুপুরে মামলার ধার্য দিনে বাগেরহাটের মুখ্য বিচারিক হাকিম গাজী মো. রহমানের আদালতে হাজির হন। বিচারক তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আসামিদের পক্ষে আবারো জামিন আবেদন জানানো হয়। আসামিদের মধ্যে বাকিরাও জামিনের আবেদন করেছেন। তবে তারা আদালতে হাজির হননি। আসামিরা হলেন- বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউপি চেয়ারম্যান স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক নূর মোহম্মদ শেখ, সাংগঠনিক সম্পাদক জগলুর রহমান বুলু, প্রচার সম্পাদক ফজলু শেখ, যাত্রাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. ফরিদ হালদার, জেলা যুবদলের সদস্য খান ওমর আলী, বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য মিজান শেখ, বারুইপাড়া ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ড সভাপতি মোতালেব জমাদ্দার, ১ নং ওয়ার্ড সভাপতি নূর মোহম্মদ মোড়ল, ঐ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জিয়া সরদার, সহ-সাধারণ সম্পাদক কালাম সরদার, একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি খান আমজাদ হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খান এ.সেলিম, সদস্য মোজাহার হালদার, একই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীনুর শেখ, সদস্য আব্দুস সত্তার শেখ, ফরহাদ শেখ, বাদশা খান ও রেজাউল নকিব। মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ১৭ সেপ্টেম্বর হেলাল বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খালিশপুর স্কুল মাঠে জনসভা শেষে দলীয় কয়েকজন নেতাকে নিয়ে দুটি গাড়িতে যাত্রাপুরে ফিরছিলেন। পথে বাকপুরা এলাকায় বিএনপির নেতাকর্মীরা তার গাড়ি ভাংচুর করে এবং চাঁদা দাবি করে। মামলার বাদি আর্জিতে উল্লেখ করেন, ঘটনার পর থানায় মামলা করার মত পরিস্থিতি ছিলো না। তাই বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর মামলা দায়ের করা হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৮১১ ঘ.