২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলহত্যায় জিয়াকে জড়ানোর অপচেষ্টা চলছে: দেলোয়ার

জনগণকে 'বিভ্রান্ত' করতে জেলহত্যার ঘটনায় জিয়াউর রহমানকে জড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 10:56 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণকে 'বিভ্রান্ত' করতে জেলহত্যার ঘটনায় জিয়াউর রহমানকে জড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। সোমবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। দেলোয়ার বলেন, "জিয়া জেলহত্যার সঙ্গে জড়িত ছিলেন- এমন মিথ্যা প্রচার চালাচ্ছে সরকার। জেলহত্যা মামলার তিনটি এজহারের কোনোটিতে জিয়ার নাম-গন্ধ নেই। অভিযোগপত্র দাখিল হয়ে বিচার হয়েছে। অথচ এখন তারা (সরকার) বলছে- জিয়া জড়িত ছিলেন। তাই তারা জেল হত্যাকাণ্ডের পুনর্বিচারের জন্য সর্বোচ্চ আদালতে আবেদন জানিয়েছে।" ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে চার জাতীয় নেতাকে হত্যার সঙ্গে তৎকালীন সেনাপ্রধান জিয়া জড়িত ছিলেন বলে আওয়ামী লীগ নেতারা দাবি করে আসছেন। জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে ওই আলোচনা সভায় দেলোয়ার বলেন, "সরকারি দলে জিয়াভীতি এমনভাবে ঢুকেছে যে, তার সততা ও দেশপ্রেম মানুষের বুক থেকে মুছে ফেলতে পারছে না। সেজন্য নানা ষড়যন্ত্র চালাচ্ছে।" খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দিয়ে শেখ হাসিনাকে দেওয়া গণভবনের বরাদ্দ বাতিলের 'প্রতিশোধ' নেওয়া হচ্ছে বলে মনে করেন বিএনপি মহাসচিব। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বঙ্গবন্ধুর মেয়ে হিসেবে শেখ হাসিনাকে গণভবন এবং শেখ রেহানাকে ধানমণ্ডির একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়, যা বিএনপি ক্ষমতায় গিয়ে বাতিল করে। গুলশানের কার্যালয়ে বিরোধীদলীয় নেতার রাতে অফিস করা নিয়ে শেখ হাসিনার বক্তব্য প্রধানমন্ত্রীসুলভ নয় বলেও মন্তব্য করেন দেলোয়ার। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ মো. নেসারুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৬৫৫ ঘ.