ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৭ নভেম্বর উপলক্ষে নয়া পল্টনে বিএনপির জনসভায় বক্তব্য দিচ্ছেন খালেদা জিয়া।
রোববার বেলা ২ টা ৪০ মিনিটে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সভা শুরু হয়। সাড়ে ৪টার সময় বক্তৃতা শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন।
বিএনপি এ দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। দিবসটি ঘিরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে প্রধান বিরোধী দল।
সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দেন খালেদা।
৭ নভেম্বর উপলক্ষে বিএনপির সর্বশেষ বড় জনসভা হয়েছিলো পল্টন ময়দানে ১৯৯৮ সালে।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর রাজনৈতিক পালাবদলের এক পর্যায়ে সেনানিবাসে বন্দি মেজর জেনারেল জিয়াউর রহমান ৭ নভেম্বর মুক্ত হন। নিহত হন খালেদ মোশাররফসহ অনেক সেনা কর্মকর্তা।
৭ নভেম্বরের ঘটনার মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়া। প্রথমে সামরিক আইন প্রশাসক এবং পরে রাষ্ট্রপতি হন তিনি, গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।
সমাবেশের কার্যক্রম দুপুরের পর শুরু হলেও দলের নেতা-কর্মীরা তার আগেই মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন।
বিএনপি এ জনসভা করতে চেয়েছিলো পল্টন ময়দানে। তবে অনুমতি পায়নি। জনসভার স্থান নির্ধারণের জন্য সরকার টালবাহানা করে বলেও অভিযোগ বিএনপির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৩৩ ঘ.
bdnews24