রাজশাহী, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বখাটের হামলায় নিহত নাটোরের কলেজ শিক্ষক মিজানুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করেছে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি মঙ্গলবার দুপুরে মিজানুরের গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামে যায়।
প্রতিনিধি দলের সদস্যরা মিজানুরের স্ত্রী রাজিয়া সুলতানা মিলি ও পরিবার সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এ সময় মিজানুরের স্ত্রীর হাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি শোকবার্তা তুলে দেন দলের নেতা নোমান।
নোমান বলেন, "প্রতিবাদী শিক্ষক মিজানকে আমরা এনে দিতে পারব না। তবে আমরা সরকারের কাছে দাবি জানাই- যারা মিজানুরকে হত্যা করেছে তাদের যেন বিশেষ ট্রাইবুনালে দ্রুত বিচার করা হয়। আর যেন কোনো সন্ত্রাসী এ রকম জঘন্যতম কাজ করতে সাহস না পায়।"
যারা মেয়েদের উত্ত্যক্ত করে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
আগামী সপ্তাহের মধ্যে মিজানুরের স্ত্রীকে নিয়ে প্রতিনিধি দলের সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাদ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করবেন বলে নোমান জানান।
প্রতিনিধি দলে আরো ছিলেন- যুগ্ম মহাসচিব রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ আজিজুর রহমান।
পরে বিএনপি নেতারা মিজানুরের কবরে পুস্পস্তবক অর্পণ এবং নিহতের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৮ ঘ.
bdnews24