২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ'লীগ চুক্তি বাস্তবায়নে আন্তরিক নয়: সন্তু লারমা

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের ব্যাপারে আওয়ামী লীগ আন্তরিক নয় বলে অভিযোগ করেছেন জনসংহতি সমিতি (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 02:36 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

বান্দরবান, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের ব্যাপারে আওয়ামী লীগ আন্তরিক নয় বলে অভিযোগ করেছেন জনসংহতি সমিতি (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। তিনি বলেন, "আওয়ামী লীগ একটি ওয়াদা ভঙ্গকারী দল। তাদের কথা আর কাজের মধ্যে মিল খুঁজে পাওয়া যায় না। "তারা ক্ষমতার আসার আগে পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার কথা বলে জনগণের ভোট নিয়ে সরকার গঠন করেছে। এখন পার্বত্য চুক্তি বাস্তবায়নের ব্যাপারে আন্তরিক নয়।" মঙ্গলবার সকালে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও ভূমি জবর দখলের প্রতিবাদে বান্দরবান সদর উপজেলার চিম্বুকের পাপল ছড়া এলাকায় আয়োজিত এক আদিবাসী ম্রো যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তৃতায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা আরো বলেন, সরকার গঠনের পর প্রায় দুই বছরেও চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ। দলীয় নেতা-কর্মী ও পাহাড়ি জনগোষ্ঠীকে চুক্তি বাস্তবায়নের জন্য আরো বেশি সংগ্রাম করার আহ্বান জানান তিনি। সন্তু লারমা আরো বলেন, তিন পার্বত্য জেলার সংসদ সদস্যরা আদিবাসী জনগোষ্ঠীর লোক হলেও ক্ষমতায় গিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত রয়েছেন। তারা আদিবাসী গোষ্ঠীর জন্য কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ না করে জুম্ম জাতির সঙ্গে প্রতারণা করে যাচ্ছেন বলে অভিযাগ করেন তিনি। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম ল্যান্ড কমিশনের বর্তমান চেয়ারম্যান দিয়ে পার্বত্য চট্টগ্রাম ভূমি সমস্যার সমাধান নম্ভব নয়। এজন্য তার অপসারণ জরুরি। পাহাড়ে দিন দিন ভূমি বেদখল হলেও সরকারের কোনো ভূমিকা নেই বলে সন্তু লারমা অভিযোগ করেন। ম্রো যুব নেতা খানওয়াই ম্রো'র সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জনসংহতি সমিতির বান্দরবান জেলা সভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য সাধুরাম ত্রিপুরা মিল্টন, সাংবাদিক আবু সাইদ খান, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা শাহীন রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রুবায়েত ফেরদৌস, লেখক ও গবেষক পাভেল পার্থ, জনসংহতি সমিতির জেলা সহ-সভাপতি চিংহ্লা মং চাক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৭ ঘ.