ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত স্বাধীনভাবে নেওয়ার ওপর জোর দিয়ে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, অন্য কারো নিয়ন্ত্রণ থাকলে দেশের ভাগ্য বদলাবে না।
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান মঞ্জু সোমবার ঢাকায় এক আলোচনা সভায় বলেন, "বিশ্বের মোড়লরা যতদিন আমাদের নিয়ন্ত্রণ করবে, ততদিন আমাদের ভাগ্যের উন্নয়ন হবে না।"
তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর বিদেশে অবস্থানকারী মঞ্জু কোনো দেশের নাম উল্লেখ না করে বলেন, "আমাদের ভাগ্য আমাদের গড়তে দিন। পারলে পেছন থেকে সহযোগিতা করুন। তা না পারলে ক্ষমা চেয়ে চলে যান। এ দেশের মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবেন না।"
জাতীয় জাদুঘর মিলনায়তনে জেলহত্যা দিবস উপলক্ষে এম মনসুর আলী স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
আলোচনা সভার প্রধান অতিথি সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, "আমরা মাথা নত করতে জানি না। আমার নেতারা মাথা নত করেননি।"
সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে যেতে যতটা কঠোর হওয়ার প্রয়োজন তা হতে সরকারের প্রতি আহবান জানান।
তিনি বলেন, "রাজনৈতিক আদর্শের চেতনায় আপস করে মুক্তিযুদ্ধের মূল চেতনায় ফিরে যাওয়া যাবে না।"
বঙ্গবন্ধু এবং জেলখানায় জাতীয় চার নেতা হত্যাকাণ্ডকে 'মুক্তিযুদ্ধের সংঘাতের নবতর অধ্যায়' আখ্যায়িত করে সেলিম বলেন, "মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যে বিভক্তির সৃষ্টি হয়েছিলো, সে বিভক্তি এখনো শেষ হয়নি।"
চার জাতীয় নেতা হত্যাকাণ্ডসহ সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচারের আশা প্রকাশ করে সাজেদা বলেন, "যারা দেশটাকে আবার পাকিস্তান বানাতে চায়, সেই শত্র"দের হাত থেকে দেশকে মুক্ত করবো।"
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "নিরাপত্তার দিক দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর ১০জন ঝুকিপূর্ণ ব্যক্তিত্বের একজন।"
আলোচনা সভার সভাপতি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ নাসিম বাষ্পরুদ্ধ কণ্ঠে তার বাবা এম মনসুর আলীর স্মৃতিচারণ করেন।
নাসিম বলেন, "আমার পরিচয় মনসুর আলীর ছেলে। মনসুর আলী আমার বাবা, এটা আমার অহঙ্কার। মনসুর আলীর পরিবার আওয়ামী লীগের আদর্শের সঙ্গে বেইমানি করবে না।"
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন, "মহাজোট সরকারের দুই বছরের সাফল্যের ধারাকে এগিয়ে নিতে হবে। আমাদের হোঁচট খাওয়ার কেনো সুযোগ নেই।"
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০৩৫ ঘ.
bdnews24