পিরোজপুর, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিরোজপুরের মঠবাড়িয়ায় একই স্থানে একই সময় বিএনপি ও যুবলীগ সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার বিকালে দুই পক্ষ সভার সমর্থনে উপজেলা সদরে মিছিল বের করলে উত্তেজনা দেখা দেয়।
এরপরই উপজেলা প্রশাসন সভাস্থল সদরের শহীদ মিনার চত্বর ও এর আশপাশে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সভা-সমাবেশ ও মিছিলসহ সব ধরনের কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা জারি করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৪৪ ধারা জারি করে মাইকিং করা হয়েছে।
তিনি জানান, উপজেলা বিএনপি শুক্রবার বিকাল সাড়ে ৩টায় শহীদ মিনার চত্বরে সভা করার অনুমতি নেয় পৌর কর্তৃপক্ষের কাছ থেকে।
এরপর যুবলীগ একই স্থানে একই সময় সভা করার অনুমতি চায়। তাদের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু তারা সভার পক্ষে প্রচার চালায়।
এর পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে ইউএনও জানান।
বিএনপি নেতাকর্মীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই সভা ডাকে। এতে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিলো বরিশালের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার।
অন্যদিকে উপজেলা যুবলীগের সভায় প্রধান অতিথি হিসেবে পিরোজপুর যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু উপস্থিত থাকার কথা ছিলো বলে সংগঠনের নেতাকর্মীরা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩২ ঘ.
bdnews24