ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্যসহ ২০ জনকে গ্রেপ্তারের সময় উদ্ধার বোমাগুলো আসলেই বোমা কি না তা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে বৃহস্পতিবার দুপুরে তাদের গ্রেপ্তার ও ছয়টি বোমা, বোমা তৈরির সরঞ্জাম এবং জিহাদী বই উদ্ধার করা হয় বলে জানান মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার ইমতিয়াজ আহমেদ।
তিনি বলেন, "বাসাটি থেকে ছয়টি বোমা, বোমা তৈরির বেশকিছু সরঞ্জাম এবং কিছু জিহাদি বইও উদ্ধার করা হয়েছে।"
বিকালে মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।"
সেগুলো বোমা কি না তা পরীক্ষার জন্য বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করা হবে বলে জানান তিনি।
দুপুরে মহানগর পুলিশের জনসংযোগ শাখা থেকে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জামায়াত নেতা-কর্মীদের বোমাসহ আটকের খবর জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এসএইচএ/পিডি/১৮৪৭ঘ.
bdnews24